ঢাকা রিজেন্সিতে ট্র্যাভেল ভ্লগারদের মিলনমেলা

ট্র্যাভেল করতে কে না ভালোবাসে? প্রত্যেকেই তার ছকবাধা জীবনের ফাঁকে ফাঁকে পরিবার, বন্ধুবান্ধব, কলিগ, আত্মীয়স্বজন নিয়ে প্রকৃতি দেখার আশায় বেরিয়ে পড়তে ভালোবাসেন। কিন্তু অজানা কোথাও ঘুরতে গেলে একজন গাইডের প্রয়োজন হয়। এক সময় টাকা খরচ করে গাইড ঠিক করতে হতো। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে গাইডদের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে। ইউটিউব-ফেসবুক ঘাঁটলেই এখন প্রচুর ট্র্যাভেল কন্টেন্ট পাওয়া যায়, যেখানে ট্যুরের সব রকমের গাইডলাইন সুন্দরভাবে গোছানো থাকে। এমনকি, ট্যুরে গিয়ে কখন কী খেলে ভালো হবে, কোন রিসোর্টে খরচ কেমন হবে সেটাও বলা থাকে। ফলে ট্র্যাভেল ভ্লগগুলো দেখলে আমাদের ট্যুর প্ল্যান একদম সহজ হয়ে যায়।

বাংলাদেশের যেসব ব্যক্তিত্ব নিজ উদ্যোগে এই কাজগুলো করে যাচ্ছেন, তাদেরকে নিয়ে ২৫ নভেম্বর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সিতে হয়ে গেল একটি আড়ম্বরপূর্ণ আয়োজন। হোটেলটির গার্ডেন রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে আয়োজন করা হয় ট্র্যাভেল ভ্লগারস মিটআপ। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশি ফুড রিভিউয়ার থেকে আরাফ ইন্তিসার দীপ্ত, ডা. ফুডি থেকে ডা. সালমান মাহি রুহুল কাওসার, লাবিব ইত্তিহাদুল থেকে লাবিব হোসেন জয়, লো কস্ট টুর সাজেশন, মিঃ মিক্সার্স ওয়ার্ল্ড, নয়ন মজুমদার, পেটুক কাপল, সালাহউদ্দিন সুমন, সায়েমস ওয়ার্ল্ড, স্বপন অন বোর্ড এবং ট্রাভেল উইথ শিশির দেব।

ভ্লগারদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে এই ট্র্যাভেল মিটাপ সিজন ১ এর উদ্বোধন করা হয়। আড্ডা চলে রাত ৮ টা পর্যন্ত। দীর্ঘ এই ৫ ঘণ্টার আড্ডায় ট্র্যাভেল
ভ্লগাররা নানা বিষয়ে আলোচনা করেন। আলোচনার মধ্যে উল্লেখযোগ্য ছিল, কীভাবে তাদের ভ্লগগুলোকে আরও উন্নত করা যায়, কোন কোন পর্যটন স্থান ভ্রমণপিপাসু মানুষের সামনে তুলে আনা যায়, ট্র্যাভেল ভ্লগিং নিয়ে কার কী পরিকল্পনা ইত্যাদি। আরও সুন্দরভাবে ভ্লগ করার জন্য উপস্থিত সব ভ্লগাররা বাংলাদেশ ট্যুরিজম বিষয়ক সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন!।

গ্রিল অন দ্য স্কাই লাইনের মুখরোচক বার-বি-কিউ ব্যুফে ডিনারের সাথে আয়োজনটির অন্যতম চমক ছিল র‍্যাফেল ড্র- যেখানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে ছিল প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকার কাপল এয়ার টিকিট এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সৌজন্যে ছিল দ্বিতীয় পুরস্কার ঢাকা রিজেন্সির সর্বোচ্চ রুম ক্যাটাগরি প্রেসিডেনশিয়াল স্যুটে পরিবারের সাথে একরাত থাকাসহ বুফে খাবারের সুবিধা। তৃতীয় পুরষ্কার ছিল এয়ার আস্ত্রার সৌজন্যে ঢাকা- কক্সবাজার- ঢাকা কাপল এয়ার টিকেট।