জিমে লম্বা সময় শরীরচর্চা করার পাশাপাশি লোভনীয় সব খাবার বর্জন করা হয় মেদ কমানোর জন্য। কিন্তু স্বাস্থ্যকর জীবনযাত্রার যাত্রায় নিজেকে অনুপ্রাণিত করার জন্য স্কেলে দাঁড়িয়ে যদি দেখেন তেমন একটা হেরফের নেই ওজনের, তবে হতাশই হতে হয়। আপনি যদি ওজন স্কেলের সংখ্যাটি সঠিক দেখতে চান, তবে কয়েকটি সময় এড়িয়ে তারপর মাপবেন ওজন। পুষ্টিবিদ দীপশিখা জৈন জানিয়েছেন কোন কোন সময় ওজন মাপা মোটেই উচিত নয়।
- খাবার বা পানি খাওয়ার পর ওজন মাপবেন না। যদি স্কেলে পা রাখার আগে ভারী খাবার খান বা প্রচুর পরিমাণে পানি খান, তবে স্বাভাবিকভাবেই আপনার ওজন বেশি হবে। হয় খালি পেটে ওজন মাপবেন, না হলে হালকা খাবার খাওয়ার পর মাপবেন।
- পিরিয়ড চলাকালীন সময়ে ওজন পরীক্ষা না করলেই ভালো করবেন। এই সময়ে আমাদের শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন হয়, যা শরীরে পানি ধরে রাখার কারণ হতে পারে। এতে অতিরিক্ত ওজন আসতে পারে স্কেলে।
- ঘণ্টাখানেক একটানা ওয়ার্কআউট করার পরপরই ওজন দেখছেন? মনে রাখবেন, ওজন রাতারাতি কমে না। দীপশিখা জানান, ব্যায়াম পরবর্তী সময়ে পেশীগুলো অতিরিক্ত পানি ধরে রাখতে পারে, যার ফলে ওজন সাময়িকভাবে বৃদ্ধি পায়।
- যদি রাতে ঠিক মতো ঘুম না হয় কিংবা রাতে অতিরিক্ত পানি খাওয়া হয়, তবে ঘুম থেকে ওঠার ঠিক পরেই ওজন মাপবেন না। এতে সঠিক ওজন আসবে না স্কেলে। পেট ভরা মনে হলে বা নিজেকে ডিহাড্রেটেড মনে হলেও ওজন পরীক্ষা করবেন না।
- ছুটিতে ভ্রমণে গিয়ে সবে ফিরেছেন? ফিরেই ওজন দেখলে কিন্তু হতাশ হতে পারেন। ভ্রমণে আমাদের অতিরিক্ত খাওয়া হয় বা খাবারে অনিয়ম হয়। তাই নিজেকে কয়েক দিন সময় দিয়ে তারপর মাপুন ওজন।
তথ্যসূত্র: এনডিটিভি
আরও পড়তে পারেন: ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন