মাংস রান্নায় মসলা ব্যবহারের এই টিপসগুলো জানতেন?

মসলার ব্যবহারের উপর খাবারের স্বাদ নির্ভর করে অনেকটাই। যেমন কাটা মসলায় স্বাদ হয় এক রকম, বাটা মসলায় আবার অন্যরকম। স্বাদের পাশাপাশি ঝোলের ঘনত্বও বদলে যায় মসলা ব্যবহারের কারণে। কোরবানি ঈদের পর টানা কয়েকদিন নানা ধরনের মাংসের পদ রান্না হবে। মনের মতো স্বাদ পেতে চাইলে মাংস রান্নায় মসলা ব্যবহারের কিছু টিপস জেনে নিন। 

  • খুব যত্ন নিয়ে মসলা কষালে দারুণ স্বাদ হবে মাংসে। তাই সময় নিয়ে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত কষিয়ে নিন মসলা। 
  • মাংস রান্নায় পোস্তদানা দিলে ঝোল ঘন হয়, স্বাদেও আসে বৈচিত্র্য।  
  • বাগাড় দেওয়া মাংসের স্বাদ বাড়াতে রান্না হয়ে এলে, পেঁয়াজ রসুন থেতো তেলে ভেজে বাগাড় দিতে পারেন। জিরা, কালো জিরা, তেজপাতা, পাঁচফোঁড়নের ফোঁড়নও দেওয়া যায় মাংসের বাগাড়ে।
  • মাংস নামানোর আগে টালা মসলার গুঁড়া দিলে দারুণ ঘ্রাণ আসে রান্নায়।  জিরা, শাহী জিরা, গরম মসলা, গোলমরিচ, শুকনা মরিচ টেলে গুঁড়া করে নিতে পারেন। 
  • ঘন ঝোল বা ভুনা মাংস রান্না করবেন? পেঁয়াজ বাটা দিন রান্নায়। তুলনামূলক পাতলা ঝোল রাখতে চাইলে পেঁয়াজ কুচি দেবেন।
  • মাংস কষানোর সময় টমেটো কুচি বা পেস্ট দিলে রঙটাও দারুণ হবে আর স্বাদও বাড়বে।
  • মাংসের সাদা কোর্মা রান্না করতে চাইলে হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া দেবেন না। 
  • আচারি মাংস রান্নার ক্ষেত্রে পাঁচফোড়ন কিন্তু দিতেই হবে।
  • কাবাব তৈরির ক্ষেত্রে তারা মসলা বা কাবাব চিনি দিন। স্বাদ হবে চমৎকার। 
  • মাংসের স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে অন্যান্য মসলার সঙ্গে টক দই ও পুদিনার পেস্ট দিন। 
  • খোসা না ছাড়িয়ে, ধুয়ে আস্ত রসুন ছেড়ে দিতে পারেন রান্নার সময়। এতে স্বাদ বাড়ে দারুণ। রসুনটা খেতেও ভীষণ ভালো লাগে। 
  • কাটা মসলায় মাংস রান্না ভীষণ সুস্বাদু। এক্ষেত্রে কেবল কাটা মসলাই দিন। বাটা মসলা মেশাবেন না।
  • মাংস রান্নায় কাঁচা মরিচের ঘ্রাণ আনতে চাইলে শেষের দিকে দেবেন। আস্ত কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামান।
  • ঝাল ঝাল মাংস ভুনা নামানোর আগে কারিপাতা দিলে স্বাদে ভিন্নতা আসে।