হুট করে বৃষ্টি নেমে স্নিকার জোড়া ভিজিয়ে দিয়ে গেল। সেই যে ভিজলো, আর শুকানোর নামই নেই। শুকাবেই বা কীভাবে? রোদেরই যে দেখা নেই দিনের পর দিন! এমন পরিস্থিতিতে জুতায় ভ্যাপসা গন্ধ হয়ে যায়। ঘাম জমেও হতে পারে দুর্গন্ধ। জেনে নিন জুতার দুর্গন্ধ দূর করার টিপস সম্পর্কে।
- জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না। এছাড়া পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন মোজা সরিয়ে জুতা পরুন।
- জুতা ভিজে গেলে সুযোগ থাকলে দ্রুত পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো। পানিতে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন। দুর্গন্ধ থাকবে না।
- মোজা পরার আগে পায়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিতে পারেন পায়ে।
- ১/৪ কাপ বেকিং সোডার সঙ্গে ৮ কাপ কুসুম গরম পানি মেশান। একটি লেবুর রস পুরোটা দিয়ে দিন এতে। দ্রবণে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। সপ্তাহে কয়েকবার এভাবে পা পরিষ্কার করুন। পায়ে ও জুতায় গন্ধ থাকবে না।
- জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে রাখুন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। এছাড়া একটি কাপড়ের মধ্যে লবণ নিয়ে সে কাপড়ের মুখ বেঁধে জুতার ভেতর রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।
- ফেব্রিক সফটনার শিট রেখে দিন জুতার ভেতর। এটি দুর্গন্ধ টেনে নেবে।
- এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।