টিভির স্ক্রিন পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলে স্ক্র্যাচ পরে যেতে পারে স্ক্রিনে, হতে পারে স্থায়ী ক্ষতিও। জেনে নিন টিভির স্ক্রিন পরিষ্কার করার সময় কী করবেন, কী করবেন না।
এই ভুলগুলো করবেন না
- কাগজের তোয়ালে বা টিস্যু ব্যবহার করে মুছবেন না টিভির স্ক্রিন। এতে টিভির স্ক্রিনে হালকা স্ক্র্যাচ তৈরি হতে পারে।
- গ্লাস ক্লিনার ব্যবহার করবেন না স্ক্রিন পরিষ্কার করতে। এতে অ্যামোনিয়া ও অ্যালকোহল থাকে, যা টিভির অ্যান্টি-গ্লেয়ার কোটিং নষ্ট করে। এর ফলে রঙ ফিকে হতে পারে এবং ছবির গুণমান কমে যেতে পারে।
- রুক্ষ কাপড় বা স্পঞ্জে থাকা ধুলো-কণা স্ক্রিনে সূক্ষ্ম স্ক্র্যাচ তৈরি করতে পারে। এটি দীর্ঘমেয়াদে ডিসপ্লে ক্ষতির কারণ হয়। এগুলো দিয়ে তাই ভুল করেও পরিষ্কার করবেন না টিভির স্ক্রিন।
- টিভির স্ক্রিনে সরাসরি পানি বা ক্লিনার স্প্রে করবেন না। করলে তরল ভেতরে ঢুকে ইলেকট্রনিক্স অংশটি শর্টসার্কিট হতে পারে।
- টিভির স্ক্রিনে কখনও নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটন ধরনের রাসায়নিক ব্যবহার করবেন না। এগুলো খুব তীব্র হয় যা স্ক্রিনের কোটিং সরিয়ে ফেলতে পারে।
- বেবি ওয়াইপস বা মেকআপ রিমুভারও ব্যবহার করবেন না। এগুলোতে তেল, সুগন্ধি এবং রাসায়নিক থাকে, যা স্ক্রিনের আবরণ নষ্ট করে দেয়। ফলে স্ক্রিনে চিটচিটে ভাব এবং দাগ দেখা দেয়।
- ডিটারজেন্ট বা ক্লিনিং পাউডার ব্যবহার করবেন না। এগুলোতে থাকা কণা স্ক্রিনে ঘষা লেগে স্ক্র্যাচ তৈরি করে।
- স্ক্রিনে কখনও বেশি চাপ দেবেন না মোছার সময়।
যেভাবে পরিষ্কার করবেন টিভির স্ক্রিন
- মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে টিভির স্ক্রিন পরিষ্কার করুন। এই ধরনের কাপড় নরম ও স্ক্র্যাচরোধী।
- ডিস্টিলড ওয়াটার বা অ্যালকোহল ফ্রি স্ক্রিন ক্লিনার মাইক্রোফাইবার কাপড়ে হালকা করে লাগিয়ে মুছুন।
- ধুলাবালি দূর করার জন্য সপ্তাহে দুইবার শুকনা কাপড় দিয়ে মুছে নিন টিভির স্ক্রিন।