বন্ধু দিবস উদযাপনের পরিকল্পনায় এগুলো থাকছে তো?

আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস। ঠিক করেছেন তো প্রিয় বন্ধুটির জন্য কী করবেন? মাঝে সময় আছে আর একদিন। পরিকল্পনা সাজিয়ে ফেলুন এখনই। আবার উপহার কিনতে চাইলেও খুব বেশি সময় পাবেন না হাতে।  

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তন্ময় হালদার জানালেন, বন্ধু দিবস উপলক্ষে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন ৬ জন বন্ধু মিলে। ট্যুর নিয়ে ভীষণ উত্তেজনা কাজ করছে সবার। বন্ধু দিবসে একসঙ্গে থাকার এই পরিকল্পনা কিন্তু বেশ চমৎকার। এই ধরনের পরিকল্পনা করে ফেলতে পারেন হুট করে। 

আসিফ বিন আকবর অবশ্য ঢাকাতেই আয়োজন করছেন বন্ধু দিবস উদযাপনের। ঢাকার আশেপাশের এলাকায় বন্ধুদের নিয়ে হাউজ বোটে ঘুরবেন বলে জানালেন। 

বন্ধুকে চমকে দেওয়ার পরিকল্পনা করেছেন অনন্যা আহমেদ। জানালেন, খুব কাছের তিন বন্ধু বেশ কিছুদিন ধরেই জানতে চাইছেন বন্ধু দিবস উপলক্ষে কী করা যায় সেটা নিয়ে। কিন্তু অনন্যা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তার ইচ্ছে আছে ঐদিন অফিস ছুটি নিয়ে বন্ধুদের অফিসে উপস্থিত হয়ে সারপ্রাইজ দেওয়ার। এরপর তিন বন্ধু মিলে কোনও রেস্টুরেন্টে বসে আড্ডা দেবেন। 

আফসানা পূরবী অবশ্য বন্ধু দিবস উদযাপনের আয়োজন শুরু করেছেন আরও কিছুদিন আগে। জানালেন একসঙ্গে কাটানো ছবিগুলো প্রিন্ট করিয়ে নিয়েছেন। এখন সেগুলো দিয়ে বানাচ্ছেন অ্যালবাম। বন্ধুরা বেশ অবাক হবে এমন গিফট দেখে। 

বন্ধুদের জন্য নিজের হাতে কেক বানাবেন বলে জানালেন আনিকা। বললেন ইউটিউব দেখে কেক বানানো শিখেছেন। বন্ধু দিবসের দিন বিকেলে দাওয়াত দিয়েছেন কাছের কয়েকজন বন্ধুকে। বাসায় কেক কেটে উদযাপন করবেন দিনটি। 

প্রিয় বন্ধুর জন্য উপহার হিসেবে হাতে তৈরি করে ফেলতে পারেন। সেখানে লেখা থাকতে পারে বন্ধুত্বের চমৎকার কিছু শব্দগুচ্ছ। ফুলে তোড়া হতে পারে উপহার। বন্ধুর পছন্দের ফুল দিয়ে সাজিয়ে ফেলুন তাজা ফুলের তোড়া। ঘড়ি, মানিব্যাগ, টিশার্ট, উক্তি সম্বলিত মগ হতে পারে উপহার। আবার বই বা চকলেটও হতে পারে দারুণ উপহার। কী করবেন দিনটি উপলক্ষে সেটা ঠিক করে ফেলুন দ্রুত।