মেকআপ করার একটাই নিয়ম—এমন ভাবা এখন পুরনো কথা। সোশ্যাল মিডিয়া আর ইউটিউব টিউটোরিয়ালের ভিড়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন—কোন লুক কোন অনুষ্ঠানে মানানসই? ঠিক তখনই অনুপ্রেরণা হয়ে ওঠেন বলিউডের স্টাইল আইকনরা।
বন্ধুদের সঙ্গে পার্টি হোক কিংবা জমকালো রিসেপশন—তারকাদের লুক থেকে নেওয়া যায় নানা আইডিয়া। ২০২৬ সালে কোন কোন মেকআপ স্টাইল ট্রেন্ডে থাকবে, দেখে নেওয়া যাক প্রিয় বলিউড অভিনেত্রীদের সাজগোজের ঝুলি থেকে।
রিসেপশন বা গ্ল্যাম পার্টির জন্য দীপিকার বোল্ড লুক নিখুঁত। চোখে ন্যুড ব্রাউন আইশ্যাডো দিয়ে সফট গ্ল্যাম, আর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক—এই কনট্রাস্টই তার সিগনেচার। ঘন ভ্রু আরও ভলিউমাইজ করে নেন তিনি। সঙ্গে ফ্রিদা কাহলো-অনুপ্রাণিত আপডু—পুরো লুকেই এক ধরনের শিল্পিত আভিজাত্য।
আলিয়া প্রায়ই ফাউন্ডেশন ছাড়াই বেরিয়ে পড়েন। তার ‘নো-মেকআপ’ লুক এখন ট্রেন্ড। গালে উদারভাবে ব্লাশ, হালকা ব্রাউ জেল আর মাসকারা—এই কয়েকটি ধাপেই তৈরি তার স্বাভাবিক ও ফ্রেশ উপস্থিতি। নান্দনিকতা যেন ফুটে ওঠে তার সাজে।
অনুশকার মেকআপ দর্শন—প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। প্রেস কনফারেন্স হোক বা স্টেডিয়ামে উপস্থিতি, ভারী মেকআপে তাকে খুব কমই দেখা যায়। ন্যুড পিঙ্ক লিপশেড, হালকা ব্রোঞ্জার আর সূক্ষ্ম আইমেকআপ—এই সরলতাই তার শক্তি।
নিজস্ব কসমেটিক ব্র্যান্ডের মালিক এবং বহু ছবিতে নিজেই মেকআপ করা ক্যাটরিনা জানেন কোন সাজ কোন সময়ে মানায়। তার ‘নো-মেকআপ’ মেকআপ লুক—হালকা বেস, সামান্য গ্লস—ক্যাজুয়াল আড্ডা বা সমুদ্রসৈকতের দিনের জন্য আদর্শ।
সাম্প্রতিক মেট গালায় কিয়ারার উপস্থিতি ছিল নজরকাড়া। সান-কিসড, ডিউই বেসের সঙ্গে ক্যাট-আই লাইনার, টি-জোনে সোনালি হাইলাইট আর ন্যুড ব্রাউন লিপ—আধুনিক ও এলিগ্যান্ট সাজের এক নিখুঁত উদাহরণ।
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার লাল লিপস্টিক ও উইংড আইলাইনার প্রায় কিংবদন্তিতুল্য। শাড়ি, সিঁদুর আর গাঢ় লাল ঠোঁট—ভারতীয় নারীত্বের গর্বিত উপস্থাপন।
প্রিয়াংকার মন্ত্র—সিম্পল কিন্তু এলিগ্যান্ট। বেইজ বা ন্যুড টোনের আইমেকআপ ও লিপস্টিক তার প্রিয়। এই কম্বিনেশনেই তৈরি হয় তার সিগনেচার গ্ল্যাম।
কারিনা ট্রেন্ডসেটার। কাট-ক্রিজ আইমেকআপের সঙ্গে গ্লসি ন্যুড লিপ—এই কম্বিনেশন তার ফ্যাশন-সচেতন ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে।
‘লেস ইজ মোর’—এই দর্শনে বিশ্বাসী অনন্যা। মিনিমাল বেসের সঙ্গে হালকা মেটালিক আভা ও গোলাপি ঠোঁট—যে কোনও অনুষ্ঠানে তৈরি করে স্টেটমেন্ট লুক।
সোনম বরাবরই পরীক্ষামূলক স্টাইলের পক্ষে। ওমব্রে আইমেকআপ, ন্যুড লিপ আর ব্লাশড চিক—নতুন ট্রেন্ড তৈরিতে তার জুড়ি নেই।
উৎসবের সাজে কাজলের কোল-রিমড চোখ আর গোলাপি লিপস্টিক যেন অবিচ্ছেদ্য। মিনিমাল মেকআপ, ভারী গয়না আর শাড়ির সঙ্গে এই লুক সবসময়ই প্রাসঙ্গিক।
বলা ভালো
মেকআপ যে কোনও পোশাকের আবেদন বাড়িয়ে দিতে পারে। তবে সব সাজ সব অনুষ্ঠানের জন্য নয়। তারকাদের নিখুঁত লুকের পেছনে থাকে পেশাদার টিম, আলো ও ক্যামেরার জাদু।
তাই ট্রেন্ড অনুসরণ করুন ঠিকই, তবে নিজের ব্যক্তিত্ব, ত্বকের ধরন ও অনুষ্ঠানের থিম অনুযায়ী বেছে নিন আপনার মেকআপ। কারণ, সবচেয়ে বড় ট্রেন্ড হলো—নিজের মতো করে সুন্দর থাকা।
সূত্র: পিংকভিলা