৫৬ দিনে ৯ কেজি ওজন কমিয়ে ইনফ্লুয়েন্সার তানিয়া জানালেন রুটিন

ওজন কমানোর ক্ষেত্রে সবার অভিজ্ঞতা এক নয়। তবে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার ও ধারাবাহিক জীবনযাপন কীভাবে একটি পরিবর্তন আনতে পারে, তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ওজন কমানোর অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন কনটেন্ট ক্রিয়েটর তানিয়া সিং। তার দাবি, ৫৬ দিনে তিনি ৯ কেজি ওজন কমিয়েছেন। ৭৫ কেজি থেকে তার ওজন নেমে এসেছে ৬৬ কেজিতে।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তানিয়া জানিয়েছেন, আট সপ্তাহের এই সময়ে তিনি কী খেতেন এবং কী ধরনের ব্যায়াম করতেন। তাঁর রুটিনে ছিল সেদ্ধ ডিম, প্রোটিন ও সবজিসমৃদ্ধ খাবার, শক্তিবর্ধক ব্যায়াম, গলফ খেলা এবং প্রতিদিন ১০ হাজার পা হাঁটার লক্ষ্য। তাঁর মতে, এই পরিবর্তনের পেছনে দ্রুত কোনো সমাধানের চেয়ে নিয়মিততা ও শৃঙ্খলাই বেশি গুরুত্বপূর্ণ ছিল।

সকালে সেদ্ধ ডিম

দিনের শুরুতে জিমে যাওয়ার আগে চারটি সেদ্ধ ডিম খেতেন তানিয়া। তিনি জানান, চ্যালেঞ্জ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সেদ্ধ ডিম তাঁর খাদ্যতালিকায় ছিল। তবে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধরে রাখতে খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন তিনি। এ জন্য ডিম দিয়ে তৈরি নতুন নতুন রেসিপিও খুঁজছেন।

জিমে শক্তিবর্ধক ব্যায়াম

জিমে তানিয়া পিঠ ও পেটের পেশির ব্যায়াম করতেন। শুরুতে ট্রেডমিলে হাঁটার মাধ্যমে শরীর গরম করে নিতেন। এরপর ইনভার্টেড রো, ফোরআর্ম প্ল্যাঙ্ক, বারবেল বেন্ট-ওভার রো এবং রোমানিয়ান ডেডলিফটের মতো বডিওয়েট ও শক্তিবর্ধক ব্যায়াম করতেন।

দুপুরের খাবারে রুটি, রাজমা ও সবজি

দুপুরে তার খাবারের তালিকায় ছিল দুটি রুটি, ঢেঁড়স, এক বাটি রাজমা এবং সঙ্গে কাটা শসা ও গাজর। এই খাবার থেকে কার্বোহাইড্রেট, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার ও বিভিন্ন ভিটামিন পাওয়া যায়। খাবারের পরিমাণ ও মোট ক্যালরি নিয়ন্ত্রণেও তিনি গুরুত্ব দিয়েছেন।

শুটিংয়ের আগে এগ ভুর্জি

শুটিংয়ে যাওয়ার আগে সবজি দিয়ে তৈরি এক প্লেট এগ ভুর্জি খেতেন তানিয়া। ডিম প্রোটিনের ভালো উৎস হওয়ায় এটি তাকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করতো বলে তিনি জানিয়েছেন। তবে শুধু একটি নির্দিষ্ট খাবার খেলেই ওজন কমবে এমন ধারণা ঠিক নয়। পুরো খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনই এখানে গুরুত্বপূর্ণ।

সন্ধ্যায় গলফ, রাতে রোস্টেড চিকেন

সন্ধ্যায় গলফ খেলতেন তানিয়া। এরপর বাড়ি ফিরে রাতের খাবারে ছিল চার টুকরো রোস্টেড চিকেন লেগ, সঙ্গে পেঁয়াজ ও সবুজ চাটনি। দিনের শেষে তিনি ১০ হাজার পা হাঁটার লক্ষ্যও পূরণ করতেন।

সবার জন্য কি একই রুটিন কার্যকর?

তানিয়া সিংয়ের এই অভিজ্ঞতা ব্যক্তিগত ওজন কমানোর যাত্রা। তার ৮ সপ্তাহের রুটিন অন্য সবার জন্য একইভাবে কার্যকর হবে এমন নিশ্চয়তা নেই। বয়স, শারীরিক গঠন, দৈনন্দিন কাজের ধরন ও স্বাস্থ্যের অবস্থার ওপর ওজন কমানোর পরিকল্পনা নির্ভর করে। তাই ওজন কমানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো ডায়েট বা ব্যায়ামের রুটিন সরাসরি অনুসরণ না করে প্রয়োজন অনুযায়ী পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি