বাসি রুটি খেলেই কি নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করা?

জীবনযাপন ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ১৪:০৪ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৪:০৪

রাতের বেঁচে যাওয়া রুটি সকালে গরম করে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, টাটকা রুটির তুলনায় বাসি রুটি নাকি ডায়াবিটিস রোগীদের জন্য বেশি উপকারী। এমনকি এটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ওজন কমাতেও সাহায্য করে- এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু এই দাবির পেছনে কতটা সত্যি রয়েছে?

পুষ্টিবিদদের মতে, রুটি তৈরি হওয়ার পর ঠান্ডা করে কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলে তার মধ্যে থাকা স্টার্চের কিছুটা অংশ ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’-এ পরিণত হতে পারে। এই ধরনের স্টার্চ সাধারণ শর্করার মতো দ্রুত হজম হয় না। বরং অনেকটা ফাইবারের মতো কাজ করে। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমতে পারে। সে কারণে ঠান্ডা করে রাখা রুটির গ্লাইসেমিক প্রভাব টাটকা রুটির তুলনায় কিছুটা কম হতে পারে বলে মনে করা হয়।

রেজিস্ট্যান্ট স্টার্চের আরও কিছু উপকার রয়েছে। এটি হজম হতে সময় নেয় বলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমতে পারে। পাশাপাশি অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়ার পুষ্টি জোগাতেও সাহায্য করে এই উপাদান। তবে বাসি রুটি খেলেই ওজন কমবে বা ডায়াবিটিস নিয়ন্ত্রণে চলে আসবে, এমন ধারণা ঠিক নয়।

রুটি কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রান্নার পর দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে তাতে জীবাণু বা ছত্রাক জন্মানোর আশঙ্কা থাকে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ঝুঁকি বাড়ে। তাই রুটি ঠান্ডা হলে দ্রুত ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে রাখা উচিত। খাওয়ার আগে ভালোভাবে গরম করে নিতে হবে। গন্ধ, রং বা চেহারায় অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে সেই রুটি না খাওয়াই ভাল।

রুটির সঙ্গে কী খাচ্ছেন, সেটিও রক্তে শর্করার ওপর প্রভাব ফেলে। অতিরিক্ত ঘি, তেল বা মিষ্টি খাবারের সঙ্গে রুটি খেলে তার সামগ্রিক পুষ্টিগুণের ভারসাম্য নষ্ট হতে পারে। বরং সব্জি, ছোলা, ডাল বা চিনি ছাড়া টক দইয়ের মতো খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে রুটি খাওয়া যেতে পারে। সাধারণ সাদা আটার বদলে গোটা গমের আটা কিংবা অন্য শস্য মিশিয়ে তৈরি রুটিও খাদ্যতালিকায় রাখা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাসি রুটি ডায়াবিটিসের কোনও চিকিৎসা নয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাবারের পরিমাণ ও ধরন, নিয়মিত শরীরচর্চা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি। তাই শুধু বাসি রুটির উপর ভরসা না করে সামগ্রিক খাদ্যাভ্যাসের দিকেই নজর দেওয়া উচিত।

 

/এমএএল/
সম্পর্কিত
সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে? ওয়াক-আপ স্ট্রোক নয়তো
রান্নার তেল, মাখন, ডিম না মাছ- কোন ফ্যাট ভালো
বয়স্কদের স্মৃতিভ্রংশের নেপথ্যে কী?
সর্বশেষ খবর
মিরপুরে সংঘর্ষ থেমেছে, যান চলাচল স্বাভাবিক  
মিরপুরে সংঘর্ষ থেমেছে, যান চলাচল স্বাভাবিক  
তাহসিফ হত্যা মামলায় সেই তরুণী গ্রেফতার
তাহসিফ হত্যা মামলায় সেই তরুণী গ্রেফতার
নদী-খাল খননে ছয় মাসে ১০১ শতাংশ কাজ শেষ, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর
নদী-খাল খননে ছয় মাসে ১০১ শতাংশ কাজ শেষ, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক
বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি