নতুন ফার্নিচার না কিনেই বদলে ফেলুন ঘরের সাজ

ঘরের সাজ বদলাতে সবসময় নতুন ফার্নিচার কেনার প্রয়োজন হয় না। একটু সৃজনশীলতা, পুরোনো আসবাবের পুনর্বিন্যাস এবং কিছু ছোটখাটো পরিবর্তনেই ঘরের চেহারায় আসতে পারে নতুনত্ব। এতে একদিকে যেমন খরচ কমে, অন্যদিকে পুরোনো জিনিসও নতুনভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়।

আসবাবের অবস্থান বদলান

ঘরের সোফা, চেয়ার, টেবিল বা বুকশেলফের অবস্থান পরিবর্তন করেই সাজে বড় ধরনের পরিবর্তন আনা যায়। একই আসবাব অন্যভাবে সাজালে ঘর আরও খোলামেলা ও গোছানো দেখাতে পারে। জানালা বা দরজার সামনে অপ্রয়োজনীয় আসবাব না রাখলে আলো-বাতাস চলাচলের জায়গাও বাড়ে।

সোফাসহ যেকোনো ফার্নিচারের অবস্থান পরিবর্তন করেই সাজে বড় ধরনের পরিবর্তন আনা যায় (ছবি: সংগৃহীত)

কুশন ও পর্দায় আনুন পরিবর্তন

নতুন সোফা কেনার বদলে কুশনের কভার পরিবর্তন করা যেতে পারে। ঘরের রঙের সঙ্গে মিল রেখে উজ্জ্বল বা প্যাস্টেল রঙের কুশন ব্যবহার করলে পুরো পরিবেশেই নতুন আবহ তৈরি হয়। একইভাবে পুরোনো পর্দার বদলে অন্য রঙ বা নকশার পর্দা ব্যবহার করলেও ঘরের চেহারা বদলে যায়।

পুরোনো আসবাব নতুনভাবে ব্যবহার

অনেক সময় পুরোনো ছোট টেবিল, কাঠের বাক্স বা স্টুলকে নতুন কাজে ব্যবহার করা যায়। কাঠের আসবাব পরিষ্কার করে পালিশ করা কিংবা প্রয়োজন অনুযায়ী রং করেও নতুন রূপ দেওয়া সম্ভব। পুরোনো চেয়ারকে গাছ রাখার স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

পুরোনো আসবাবকে নতুনভাবে ব্যবহার করতে পারেন (ছবি: পিক্সেল)

দেয়ালে বদল আনুন

ঘরের দেয়ালে নতুন ছবি, আয়না, পোস্টার বা পারিবারিক ছবির ফ্রেম সাজিয়ে দেওয়া যায়। দেয়ালে একসঙ্গে অনেক কিছু না ঝুলিয়ে নির্দিষ্ট একটি অংশকে ফোকাল পয়েন্ট হিসেবে সাজালে ঘর আরও পরিপাটি দেখায়।

ঘরের আলোয় পরিবর্তন

আলোর ব্যবহারও ঘরের সৌন্দর্য বাড়াতে পারে। মূল আলোর পাশাপাশি টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প বা উষ্ণ আলো ব্যবহার করলে ঘরে ভিন্ন আবহ তৈরি হয়। দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ঢোকার সুযোগ করে দেওয়াও কার্যকর।

দেয়ালে নতুন ছবি বা পারিবারিক ছবির ফ্রেম সাজিয়ে দেওয়া যায় (ছবি: পিক্সেল)

গাছ দিয়ে ঘর সাজান

ইনডোর প্ল্যান্ট ঘরের সাজে সতেজতা আনতে পারে। পুরোনো টব, কাচের বোতল বা ব্যবহার না করা পাত্রও পরিষ্কার করে ছোট গাছ রাখার কাজে ব্যবহার করা যায়। ঘরের কোণে বা জানালার পাশে কয়েকটি গাছ রাখলেই পরিবেশে পরিবর্তন চোখে পড়বে।

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন

ঘরের সাজে সতেজতা আনে ইনডোর প্ল্যান্ট (ছবি: পিক্সেল)

ঘর সাজানোর সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা। দীর্ঘদিন ব্যবহার করা হয় না এমন জিনিস আলাদা করে রাখলে ঘর অনেক বেশি খোলামেলা দেখায়। প্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাসও ঘরের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।

তাই নতুন ফার্নিচার কেনার আগে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই নতুনভাবে সাজানোর চেষ্টা করা যেতে পারে। সামান্য পরিকল্পনা ও সৃজনশীলতায় কম খরচেই ঘরের পরিচিত পরিবেশে আনা সম্ভব নতুনত্ব।