প্যারিসের ফ্যাশন মঞ্চে ডিওরের নতুন আয়োজনে রোমান্স, ঐতিহ্য ও আধুনিক শহুরে পোশাককে একসূত্রে মেলালেন ডিজাইনার জোনাথন অ্যান্ডারসন। জেন অস্টেনের রোমান্টিক ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি এমন এক পোশাকসম্ভার উপস্থাপন করেছেন, যেখানে কোমলতা, আভিজাত্য ও সমকালীনতার পাশাপাশি রয়েছে ডিওরের দীর্ঘ ইতিহাসের ছাপ।
প্রদর্শনীর আগে নিজের ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে অ্যান্ডারসন বলেছিলেন, তিনি একটি নির্দিষ্ট আবহ তৈরি করতে চান। তাঁর সেই ভাবনা যেন পুরো আয়োজনেই বাস্তব রূপ পায়। প্যারিসের তুইলেরি বাগানের গোলাকার জলাধারের মধ্যে গাছ বসানো হয়। গাছগুলোর চারপাশে তৈরি করা হয় কুয়াশার আবহ। পানির ওপর বিস্তৃত সরু মঞ্চ ও চারপাশের পরিবেশ পুরো আয়োজনকে করে তোলে স্বপ্নময় এবং চলচ্চিত্রের দৃশ্যের মতো।
অ্যান্ডারসনের নকশায় মূল গুরুত্ব পেয়েছে পোশাকের অবয়ব। প্রদর্শনীর শুরু ও শেষ হয়েছে শিফনের একাধিক স্তরে তৈরি ছোট স্কার্ট দিয়ে। আলো পড়লে শিফনের স্তরগুলো সমুদ্রের ঢেউয়ের মতো ঝলমল করছিল। এর সঙ্গে ছিল নরম ছোট জ্যাকেট ও স্বচ্ছ কাপড়ের একাধিক স্তরের পোশাক।
তবে পুরো সংগ্রহ কোনও একটি নির্দিষ্ট ধারায় আটকে থাকেনি। প্রদর্শনীতে দেখা গেছে ব্রোঞ্জ রঙের ধাতব প্যান্ট, বিলাসবহুল দুই সারির বোতামযুক্ত কোট এবং ধনুকের মতো অলংকরণ করা স্ট্র্যাপবিহীন পোশাক। সূক্ষ্ম ভাঁজ করা কাপড়ের ব্যবহার কিছু পোশাককে কার্নেশন ফুলের পাপড়ির মতো কোমল ও আকর্ষণীয় করে তুলেছে।
ডিওরের সঙ্গে ‘রোমান্টিক’ ভাবনার সম্পর্ক দীর্ঘদিনের। অ্যান্ডারসন সেই রোমান্সকে নিজের মতো করে দেখেছেন। তাঁর কাছে রোমান্সের অন্যতম অনুপ্রেরণা ইংরেজ লেখিকা জেন অস্টেন। তবে তাঁর নকশায় রোমান্স মানে শুধু আবেগে ভেসে যাওয়া নয়, বরং পরিচিত সৌন্দর্যকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করা।
এই ভাবনার সঙ্গে আধুনিক শহুরে পোশাকেরও সমন্বয় ঘটিয়েছেন অ্যান্ডারসন। ঢিলেঢালা শার্ট, স্তরে স্তরে পরা স্বচ্ছ কাপড়, ঝুলযুক্ত নকশা, পোশাকের ফাঁক দিয়ে সামান্য উঁকি দেওয়া অন্তর্বাস এবং প্রাণবন্ত রঙের ব্যবহার ছিল সংগ্রহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তুইলেরি বাগানের আশপাশের অভিজাত রাস্তায় দেখা সমকালীন পোশাকেরও ছাপ ছিল এতে।
ডিওরের ঐতিহ্যও বাদ যায়নি। পোশাকে ব্যবহার করা হয়েছে মুরানো কাচের বোতাম। শাল-কলারের জ্যাকেটের কলারের নিচের অংশে ছিল কৃত্রিম পশমের আস্তরণ, যা কলার তুলে পরলে সামান্য দৃশ্যমান হয়। ডিওরের পরিচিত হাউন্ডস্টুথ নকশাকেও অ্যান্ডারসন নতুন রূপ দিয়েছেন। স্বচ্ছ শিফনের একাধিক স্তরে এই নকশা ব্যবহার করে তিনি তৈরি করেছেন হালকা ও আধুনিক আবহ।
ডিওরের পুরোনো নকশার কিছু স্মৃতিও ফিরে এসেছে নতুন আয়োজনে। কৃষিকাজের পোশাকের আদলের জ্যাকেটের সঙ্গে ডিওরের ঐতিহ্যবাহী বার জ্যাকেটের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়েছে নতুন ধরনের পোশাক। কর্ডুরয়ের কলার এতে যোগ করেছে আলাদা মাত্রা। পাশাপাশি ডিজাইনার জন গ্যালিয়ানোর ডিওর-পর্বের জিপযুক্ত স্যান্ডেলও নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে।
অ্যান্ডারসনের এই আয়োজনে তাই একদিকে যেমন রয়েছে ডিওরের ঐতিহ্য, অন্যদিকে তেমনি রয়েছে নতুনত্বের পরীক্ষা। তাঁর লক্ষ্য ছিল পরিচিত ডিওরকে অস্বীকার না করে সেটিকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করা।