বাসায় হঠাৎ একসঙ্গে অনেক অতিথি চলে এলে দ্রুত ও সহজে তৈরি করা যায় এমন খাবারের তালিকায় নুডলসের নাম সবার আগে আসে। তবে বেশি পরিমাণে নুডলস রান্না করতে গিয়ে অনেকেই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন- নুডলস আঠালো হয়ে দলা পাকিয়ে যায়, কিছুতেই ঝরঝরে হয় না। ফলে স্বাদ ও পরিবেশন দুটিই নষ্ট হয়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে ঘরেই তৈরি করা যাবে একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে ও সুস্বাদু নুডলস।
প্রথমে একটি বড় ও প্রশস্ত হাঁড়ি বা কড়াইতে পর্যাপ্ত পানি নিয়ে চুলায় বসান। পানি ভালোভাবে ফুটতে শুরু করলে তবেই নুডলস দিন। পানি যথেষ্ট গরম না হলে নুডলস সহজেই আঠালো হয়ে যেতে পারে।
নুডলস সেদ্ধ করার আগে অবশ্যই প্যাকেটের নির্দেশনা পড়ে নিন। কিছু নুডলসে আগে থেকেই লবণ মেশানো থাকে, সেক্ষেত্রে বাড়তি লবণের প্রয়োজন নেই। আর যদি লবণ না থাকে, তবে পানি ফুটানোর সময় সামান্য লবণ যোগ করতে পারেন।
প্যাকেটে উল্লেখ করা সময় অনুযায়ী নুডলস সেদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। তিন মিনিট বলা থাকলে তিন মিনিট এবং পাঁচ মিনিট বলা থাকলে ঠিক ততক্ষণই সেদ্ধ করুন। বেশি সময় সেদ্ধ করলে নুডলস নরম হয়ে দলা পাকাতে পারে।
সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে নুডলস একটি বড় ও ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখুন। এরপর পাখার বাতাসে কিছুক্ষণ ঠান্ডা ও শুকিয়ে নিন। এতে অতিরিক্ত আর্দ্রতা দূর হবে এবং নুডলস ঝরঝরে থাকবে। পরে সামান্য তেল মিশিয়ে নিলে নুডলস আরও আলাদা থাকবে।
এরপর প্যানে তেল গরম করে রসুন কুচি হালকা ভেজে নিন। তারপর কুচি করা ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর ও পেঁয়াজ দিয়ে ভাজুন। সবজি কিছুটা নরম হয়ে এলে সেদ্ধ করা নুডলস যোগ করুন। এবার পরিমাণমতো সয়াসস, সামান্য ভাজা জিরা গুঁড়ো, ভাজা ধনিয়া গুঁড়ো, ভেজে টুকরো করা ডিম, স্বাদমতো লবণ এবং দুই টেবিল চামচ টমেটো সস মিশিয়ে নিন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে শেষে গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি এবং ইচ্ছা হলে চিলি অয়েল যোগ করুন। আরও কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে, সুস্বাদু ও রেস্টুরেন্টের স্বাদের নুডলস। অতিথিরাও প্রশংসা করতে বাধ্য হবেন।