ব্যর্থতাও উদ্‌যাপনের! ব্যর্থ হয়েছেন? অভিনন্দন, আজ আপনারই দিন

জীবনে কোনও কাজে ব্যর্থ হয়েছেন? প্রত্যাশামতো ফল না পেয়ে মন খারাপ? তা হলে হতাশা সরিয়ে রাখুন। কারণ, ব্যর্থতা মানেই সব শেষ নয়, বরং নতুন করে শেখার ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। ভুল করা, হোঁচট খাওয়া কিংবা কোনও পরিকল্পনা ভেস্তে যাওয়া সবই জীবনের অংশ। আর সেই ব্যর্থতাকেই ইতিবাচকভাবে গ্রহণ করার বার্তা নিয়ে প্রতি বছর ১৩ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক ব্যর্থতা দিবস।

২০১০ সালে ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উদ্যোগে এই দিবসের সূচনা হয়। সে সময় ব্যর্থতার ভয়ে অনেকেই নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে পিছিয়ে আসছিলেন। সেই মানসিকতা বদলাতে এবং মানুষকে নতুন কিছু করার সাহস জোগাতেই এই দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের মধ্যে একাধিক দেশে দিবসটি পালিত হতে শুরু করে।

ব্যর্থতাকে নতুনভাবে দেখার দিন

সাধারণত ব্যর্থতাকে নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখা হয়। কোনও কাজে প্রত্যাশিত ফল না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন, আত্মবিশ্বাস হারান কিংবা পরবর্তী পদক্ষেপ নিতে ভয় পান। আন্তর্জাতিক ব্যর্থতা দিবস সেই দৃষ্টিভঙ্গি বদলাতে চায়। এই দিবসের মূল বার্তা, ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়। উল্টো সাফল্যের পথে শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

প্রতিটি ভুল আমাদের নতুন কিছু শেখায়। কোনও পরিকল্পনা প্রত্যাশামতো কাজ না করলে বোঝা যায়, কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। সেই অভিজ্ঞতা পরবর্তী প্রচেষ্টাকে আরও কার্যকর করে। তাই ব্যর্থতাকে নিজের অযোগ্যতার প্রমাণ না ভেবে উন্নতির সুযোগ হিসাবে গ্রহণ করাই এই দিবসের অন্যতম শিক্ষা।

এই দিনে মানুষকে নিজেদের ব্যর্থতার অভিজ্ঞতা এবং সেখান থেকে কী শিখেছেন, তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে উৎসাহিত করা হয়। ব্যক্তিগত জীবনের ভুল হোক কিংবা কর্মক্ষেত্রে কোনও উদ্যোগের ব্যর্থতা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে অন্যরাও শিক্ষা নিতে পারেন। একই সঙ্গে বোঝা যায়, জীবনের কোনও না কোনও পর্যায়ে ব্যর্থতার মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক।

কীভাবে পালন করবেন আন্তর্জাতিক ব্যর্থতা দিবস?

খুব ছোট ও সাধারণ কোনও আয়োজনের মাধ্যমেই দিবসটি পালন করতে পারেন। বন্ধু বা সহকর্মীদের নিয়ে নিজেদের জীবনের মজার কিংবা শিক্ষণীয় ব্যর্থতার গল্প ভাগ করে নিতে পারেন। এতে ব্যর্থতা নিয়ে অস্বস্তি কমবে, পাশাপাশি অন্যের অভিজ্ঞতা থেকেও নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে।

নতুন কোনও কাজ চেষ্টা করাও হতে পারে দিবসটি পালনের একটি উপায়। ছবি আঁকা, নতুন কোনও দক্ষতা শেখা কিংবা সৃজনশীল কোনও চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে নিজের পরিচিত গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা করা যায়। এমন কাজ বেছে নেওয়া যেতে পারে, যার ফলাফল আগে থেকে নিশ্চিত নয়। এখানে মূল লক্ষ্য নিখুঁত ফলাফল অর্জন করা নয়, বরং চেষ্টা করা এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া।

এ ছাড়া বক্স অফিসে ব্যর্থ হওয়া কোনও সিনেমা দেখে সেটি কেন দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। বড় বাজেট কিংবা জনপ্রিয় তারকার উপস্থিতি থাকলেও সব উদ্যোগ যে সফল হয় না, তা এ ধরনের উদাহরণ থেকে বোঝা যায়।

ব্যর্থতার ভয় কাটিয়ে এগিয়ে যাওয়া

ব্যর্থতার ভয় অনেক সময় মানুষকে নতুন সুযোগ গ্রহণ করা থেকে বিরত রাখে। ভুল হলে অন্যরা কী ভাববেন, সেই চিন্তাও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রতিটি প্রচেষ্টার ফলাফল যে সফল হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। তাই ব্যর্থতার আশঙ্কায় কোনও কাজ শুরু না করাই বরং সম্ভাবনাকে সীমিত করে দেয়।

আন্তর্জাতিক ব্যর্থতা দিবস মনে করিয়ে দেয়, ভুল করা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতার কারণ খুঁজে বের করা, প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং নতুন উদ্যমে আবার চেষ্টা করার মধ্যেই রয়েছে এগিয়ে যাওয়ার সুযোগ। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব।

দিনটির মূল কথা, সাফল্যের পথে সব সময় মসৃণ রাস্তা থাকে না। কখনও হোঁচট খেতে হয়, কখনও পরিকল্পনা বদলাতে হয়। তবে ব্যর্থতাকে শেষ বলে না ধরে শেখার একটি ধাপ হিসেবে গ্রহণ করতে পারলেই নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।