শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি?

মোবাইলের পর্দায় কার্টুন, ভিডিও গেম কিংবা একের পর এক রিল। শিশুদের অবসর কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল স্ক্রিন। টিভি, মোবাইল, ট্যাব বা ল্যাপটপে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে শিশুরা। অনেক অভিভাবকও শিশুকে খাওয়ানো বা শান্ত রাখার জন্য হাতে তুলে দিচ্ছেন মোবাইল। কিন্তু দীর্ঘ সময় ধরে এই অভ্যাসের প্রভাব পড়তে পারে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। খেলাধুলা ও শরীরচর্চার সময় কমছে, বাড়ছে স্থূলত্ব ও বিপাকজনিত সমস্যার আশঙ্কা। অতিরিক্ত স্ক্রিন-টাইম কীভাবে প্রভাব ফেলছে শিশুদের হৃদ্‌যন্ত্রে?

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন-টাইমের কারণে খেলাধুলা ও শারীরিক পরিশ্রম কমে যায়। তার সঙ্গে বাড়তে পারে স্থূলত্ব, রক্তে শর্করা ও কোলেস্টেরলের সমস্যা। দীর্ঘমেয়াদে এগুলি হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়াতে পারে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমের সঙ্গে হৃদ্‌যন্ত্র ও বিপাকক্রিয়াজনিত সমস্যার সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। চিকিৎসকদের মতে, এই সমস্যাকে কার্ডিয়োমেটাবলিক ঝুঁকি হিসাবেও দেখা হয়। অর্থাৎ, হৃদ্‌যন্ত্রের সমস্যা এবং বিপাকক্রিয়ার গোলমাল একসঙ্গে দেখা দিতে পারে।

কীভাবে ক্ষতি হচ্ছে হৃদ্‌যন্ত্রের?

অতিরিক্ত সময় টিভি বা মোবাইল দেখলে শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ কমে যায়। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শরীরে ক্যালোরি খরচ কম হয়। বাড়তে পারে ওজন ও ইনসুলিন রেজিস্ট্যান্স। এই অবস্থায় শরীরের কোষ ইনসুলিনের প্রতি ঠিকমতো সাড়া দিতে পারে না। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন এমন সমস্যা চললে টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকিও বাড়তে পারে।

দ্বিতীয়ত, মোবাইলের ভিডিও গেম, রিল বা বিভিন্ন ডিজিটাল কনটেন্টের প্রভাব পড়তে পারে শিশুর মানসিক স্বাস্থ্যে। অতিরিক্ত উত্তেজক কনটেন্ট দেখা, অনিয়মিত ঘুম এবং মানসিক চাপের কারণে উদ্বেগ ও অস্থিরতা বাড়তে পারে। ঘুমের অভাব ও মানসিক চাপ রক্তচাপ এবং হৃদ্‌স্পন্দনের ওপর প্রভাব ফেলতে পারে।

তৃতীয়ত, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকার সময়ে অনেক শিশু অজান্তেই অতিরিক্ত খাবার খায়। আবার অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেও ওজন বাড়তে পারে। এর ফলে রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পেটের মেদ, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের সমস্যাগুলি একত্রে দেখা দিলে তাকে মেটাবলিক সিনড্রোম বলা হয়। ভবিষ্যতে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে এই সমস্যা।

কতক্ষণ স্ক্রিনের সামনে থাকা উচিত?

শিশুর বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময় নির্ধারণ করা জরুরি। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে বিনোদনের জন্য মোবাইল বা টিভির উপর নির্ভরশীলতা তৈরি করা উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, এক বছরের কম বয়সি শিশুদের স্ক্রিন-টাইম এড়িয়ে চলা উচিত। এক বছর বয়সিদের ক্ষেত্রে বসে বসে স্ক্রিন দেখার পরামর্শ দেওয়া হয় না। ২ থেকে ৪ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে দিনে এক ঘণ্টার বেশি স্ক্রিন-টাইম না রাখাই ভালো। যত কম হবে, তত ভালো।

বড় শিশুদের ক্ষেত্রেও দীর্ঘক্ষণ একটানা মোবাইল বা টিভি দেখা এড়ানো জরুরি। পড়াশোনা, বিনোদন ও অন্যান্য কাজের মধ্যে ভারসাম্য রাখতে হবে। শুধু সময়ের হিসাব নয়, শিশু কী ধরনের কনটেন্ট দেখছে এবং তার ফলে ঘুম, খেলাধুলা ও দৈনন্দিন অভ্যাসে কী পরিবর্তন হচ্ছে, সে দিকেও নজর দিতে হবে।

কীভাবে কমাবেন স্ক্রিনের আসক্তি?

শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে প্রথমেই তার বিকল্প বিনোদনের ব্যবস্থা করতে হবে। বাইরে খেলাধুলা, সাইকেল চালানো, দৌড়ঝাঁপ কিংবা সাঁতারের মতো শারীরিক কার্যকলাপে উৎসাহ দিন। বাইরে যাওয়ার সুযোগ না থাকলে বাড়িতেই বয়স অনুযায়ী খেলাধুলা ও শরীরচর্চার ব্যবস্থা করা যায়।

ছবি আঁকা, বই পড়া, পাজ়ল সমাধান, ব্লক দিয়ে ঘর তৈরি কিংবা গাছের পরিচর্যার মতো কাজে শিশুকে ব্যস্ত রাখা যেতে পারে। এতে সৃজনশীলতা বাড়ার পাশাপাশি স্ক্রিনের ওপর নির্ভরতাও কমবে।

শিশুর ঘুমের ঘরে টিভি, মোবাইল বা অন্য কোনও ডিজিটাল যন্ত্র না রাখাই ভালো। ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করার অভ্যাস তৈরি করতে হবে। পাশাপাশি খাওয়ার সময়ে মোবাইল দেখানোর অভ্যাসও এড়িয়ে চলুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিভাবকদেরও নিজেদের স্ক্রিন ব্যবহারের দিকে নজর দিতে হবে। বাড়ির বড়রা যদি অবসর পেলেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন, তা হলে শিশুকে সেই অভ্যাস থেকে দূরে রাখা কঠিন। তাই পরিবারের সবাই মিলে কিছুটা সময় মোবাইল ছাড়া কাটানোর অভ্যাস তৈরি করুন।

শিশুর স্ক্রিন-টাইম কমানো মানে শুধু মোবাইল কেড়ে নেওয়া নয়। বরং তার জন্য খেলাধুলা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং সামাজিক মেলামেশার সুযোগ তৈরি করাও জরুরি। ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে স্থূলত্ব ও হৃদ্‌রোগের নানা ঝুঁকি কমাতে সাহায্য করবে।