শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?

শীত এলেই শিশুদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা সংক্রমণ বেড়ে যায়। এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, নবজাতক এবং সময়ের আগে জন্ম নেওয়া শিশুরা এ রোগে বেশি ঝুঁকিতে থাকে। সময়মতো চিকিৎসা না করালে নিউমোনিয়া শিশুর জন্য প্রাণঘাতীও হতে পারে। তাই শীতের শুরু থেকেই শিশুর যত্নে বাড়তি সতর্কতা প্রয়োজন।

নিউমোনিয়া মূলত ফুসফুসের সংক্রমণ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও কিছু ক্ষেত্রে ছত্রাকের সংক্রমণে এ রোগ হয়। সংক্রমণের কারণে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ সৃষ্টি হয় এবং সেখানে তরল বা পুঁজ জমে। ফলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গ দিয়ে শুরু হলেও কখনও কখনও দ্রুত জটিল আকার ধারণ করতে পারে নিউমোনিয়া।

শিশুকে নিউমোনিয়া থেকে রক্ষা করতে প্রথমেই তার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। খাবার দেওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর শিশুর হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিবারের সদস্যদেরও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে। অসুস্থ ব্যক্তির কাছ থেকে শিশুকে দূরে রাখতে হবে। ঘরের ভেতরে সিগারেটের ধোঁয়া, ধুলাবালি ও রান্নার ধোঁয়া থেকেও শিশুকে সুরক্ষিত রাখা জরুরি। ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

শীতের দিনে শিশুকে আবহাওয়া অনুযায়ী আরামদায়ক গরম পোশাক পরাতে হবে। বাইরে বের হলে মাথায় টুপি, হাতে ও পায়ে মোজা পরানো যেতে পারে। তবে অতিরিক্ত গরম পোশাক পরিয়ে শিশুকে ঘামিয়ে ফেলা ঠিক নয়। প্রচণ্ড ঠান্ডা বা কুয়াশার মধ্যে অপ্রয়োজনে বাইরে নেওয়া এড়িয়ে চলুন। জনসমাগমপূর্ণ ও বদ্ধ জায়গায় শিশুকে নিয়ে যাওয়া যতটা সম্ভব কমাতে হবে।

শিশুর নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী, নিউমোনিয়ার ঝুঁকি কমাতে শিশুকে বয়স অনুযায়ী প্রয়োজনীয় টিকা দিতে হবে। বিশেষ করে নিউমোকক্কাল, হিব, হাম ও হুপিং কাশির টিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত টিকাগুলো সময়মতো দেওয়ার পাশাপাশি অতিরিক্ত কোনও টিকার প্রয়োজন আছে কি না, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে।

শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেও পুষ্টিকর খাবারের ভূমিকা রয়েছে। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি বয়স উপযোগী পুষ্টিকর খাবার দিতে হবে। শিশুর খাবারে ডাল, মাছ, ডিম, শাকসবজি ও ফলমূল রাখা যেতে পারে। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্ন প্রয়োজন। নবজাতককে মায়ের বুকের সঙ্গে ত্বকের সংস্পর্শে রাখার পদ্ধতি, অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার, শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

শিশুর ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যেতে পারে। এতে বুকের দুধ খেতে বা খাবার গ্রহণ করতে অসুবিধা হয়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরমাল স্যালাইন নাকের ড্রপ ব্যবহার করতে পারেন। শিশুকে পর্যাপ্ত বুকের দুধ ও স্বাভাবিক খাবার দিতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ বা অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। সাধারণ ভাইরাসজনিত সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। আবার ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে।

নিউমোনিয়ার লক্ষণ চিনবেন যেভাবে

শিশুর নিউমোনিয়া হয়েছে কি না, তা বুঝতে কয়েকটি লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। জ্বর, কাশি, দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট এবং বুকের নিচের অংশ শ্বাস নেওয়ার সময় ভেতরের দিকে ঢুকে যাওয়া নিউমোনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। এ ছাড়া শিশুর স্বাভাবিকের তুলনায় কম খাওয়া, অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়া এবং ঘন ঘন কান্নাও উদ্বেগের কারণ হতে পারে।

বিশেষ করে শিশুর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে দ্রুত হচ্ছে কি না, তা খেয়াল করা জরুরি। বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিকা অনুযায়ী, দুই মাসের কম বয়সী শিশুর মিনিটে ৬০ বার বা তার বেশি, দুই থেকে ১২ মাস বয়সী শিশুর মিনিটে ৫০ বার বা তার বেশি এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর মিনিটে ৪০ বার বা তার বেশি শ্বাস নেওয়াকে দ্রুত শ্বাস হিসেবে বিবেচনা করা হয়। শিশুকে শান্ত অবস্থায় রেখে এক মিনিট ধরে শ্বাসের গতি গুনতে হবে।

শিশু বুকের দুধ বা অন্য খাবার খেতে না পারলে, শ্বাস নিতে খুব কষ্ট হলে, বুকের নিচের অংশ ভেতরে ঢুকে গেলে, খিঁচুনি হলে কিংবা অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়লে দেরি না করে হাসপাতালে নিতে হবে। বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে জ্বর বা শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলেও দ্রুত চিকিৎসা প্রয়োজন।

মনে রাখতে হবে, শীতের সময় শিশুর সর্দি-কাশি হলেই তা নিউমোনিয়া নয়। তবে উপসর্গের সঙ্গে শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়ার সমস্যা দেখা দিলে অবহেলা করা যাবে না। সময়মতো চিকিৎসা, প্রয়োজনীয় টিকাদান, বুকের দুধ পান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই শিশুকে নিউমোনিয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ উপায়।

 

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস)।