কাউকে দেখলে হাসিমুখে ‘হ্যালো’ বলা কিংবা কুশল বিনিময় করা বিষয়টি খুবই সাধারণ মনে হতে পারে। কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ছোট্ট অভিবাদনের গুরুত্ব অনেক। প্রতিদিনের ব্যস্ততায় পরিচিত-অপরিচিত মানুষের সঙ্গে সামান্য কথা বলাও সম্পর্কের দূরত্ব কমাতে পারে। আর সেই সহজ যোগাযোগের গুরুত্ব মনে করিয়ে দিতেই প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয় বিশ্ব হ্যালো দিবস।
বিশ্ব হ্যালো দিবসের ইতিহাস
১৯৭৩ সালে প্রথম বিশ্ব হ্যালো দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এর মূল উদ্দেশ্য ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে বোঝানো যে সংঘাত ও বিরোধের সমাধান হিংসার মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে হওয়া উচিত। স্পষ্ট ও আন্তরিক কথোপকথনই শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে—এই বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছিলেন দিবসটির উদ্যোক্তারা।
১৯৭০-এর দশকে মিশর ও ইজরায়েলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আরও একটি বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। ১৯৭৩ সালের অক্টোবরে সংঘটিত ইয়ম কিপুর যুদ্ধের পরিপ্রেক্ষিতেই বিশ্ব হ্যালো দিবস পালনের ধারণা সামনে আসে। ওই যুদ্ধে বহু সেনা ও নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। বন্দি সেনাদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনাও ঘটেছিল।
যুদ্ধের অবসানের পর শান্তি নিয়ে আলোচনায় প্রথমবারের মতো ২৫ বছর পর আরব ও ইজরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে সরাসরি আলোচনায় বসেন। এই পরিস্থিতিতে বিশ্ব হ্যালো দিবসের ভাবনা তৈরি করেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রিধারী ব্রায়ান ম্যাককরম্যাক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাইকেল ম্যাককরম্যাক। তাঁরা চেয়েছিলেন, সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও কথোপকথনের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক।
প্রথম বছর থেকেই দিবসটি নিয়ে প্রচার শুরু হয়। ব্রায়ান ও মাইকেল বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৩০০-র বেশি সরকারি নেতা ও সংবাদমাধ্যমের কাছে চিঠি পাঠিয়ে দিবসটি পালনের আহ্বান জানান। ১৯৭৪ সালে অন্তত ১৫টি দেশে বিশ্ব হ্যালো দিবস পালিত হয়। পরবর্তী সময়ে এই উদ্যোগ আরও ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের প্রায় ১৮০টি দেশে দিবসটি পালিত হয়।
শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্ব হ্যালো দিবসের গুরুত্বের কথা জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ৩১ জন ব্যক্তিও। তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও সরকারের অংশগ্রহণ—সব ক্ষেত্রেই শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করে এই দিন।
কীভাবে উদ্যাপন করবেন বিশ্ব হ্যালো দিবস
বিশ্ব হ্যালো দিবস পালনের পদ্ধতি খুবই সহজ। এই দিন অন্তত ১০ জন মানুষকে ‘হ্যালো’ বলে শুভেচ্ছা জানানোর পরামর্শ দেওয়া হয়। পরিচিত কিংবা অপরিচিত যে কাউকেই হাসিমুখে অভিবাদন জানাতে পারেন। এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে অন্যের প্রতি সৌহার্দ্য ও আন্তরিকতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
শুধু শুভেচ্ছা বিনিময় নয়, এই দিন পুরনো কোনও সম্পর্কের দূরত্ব কমানোরও চেষ্টা করতে পারেন। কাছের কোনও মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের কারণে কথা বন্ধ থাকলে নতুন করে যোগাযোগ শুরু করার কথা ভাবুন। সময়ের সঙ্গে অনেক বিরোধের তীব্রতা কমে যায়।
অনেকেই ক্ষমা চাওয়াকে দুর্বলতা বলে মনে করেন। কিন্তু নিজের ভুল স্বীকার করার জন্য প্রয়োজন সাহস ও আত্মবিশ্বাস। বরং ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে অন্যের কাছে আপনার প্রতি শ্রদ্ধা আরও বাড়তে পারে। তাই কোনও সম্পর্ক আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে অহং সরিয়ে প্রথম পদক্ষেপটি আপনিই নিতে পারেন।
একটি ছোট্ট ‘হ্যালো’ অনেক সময় নতুন সম্পর্কের সূচনা করতে পারে, আবার পুরনো সম্পর্কেও ফিরিয়ে আনতে পারে উষ্ণতা। বিশ্ব হ্যালো দিবসের মূল বার্তাও সেটাই—কথা বলুন, যোগাযোগ রাখুন এবং আলোচনার মাধ্যমে দূরত্ব ও বিরোধ কমিয়ে শান্তির পরিবেশ গড়ে তুলুন।