শুধু কুকুর-বিড়াল নয়, পোষ্য এবার ইঁদুরও!

জীবনযাপন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০

ইঁদুর দেখলেই কি আপনার প্রথমে ছুটে পালাতে ইচ্ছে করে? মনে ভেসে ওঠে নোংরা পরিবেশ কিংবা রোগজীবাণুর কথা? ঘরের কোণে উঁকি দিলেই শুরু হয় তাড়া করার পালা! কিন্তু জানেন কি, এই ইঁদুরই কারও কারও ঘরের আদরের সদস্য? শুধু তাই নয়, এরা নাকি বেশ বুদ্ধিমান, মালিককে চিনতেও পারে, এমনকি কুকুরের মতো প্রশিক্ষণও দেওয়া যায়! শুনতে অবাক লাগলেও সত্যি। পোষ্য হিসেবে জনপ্রিয় এই ফ্যান্সি র‍্যাট ও মাউসদের নিয়েই রয়েছে একটি বিশেষ দিন—১২ নভেম্বর, ফ্যান্সি র‍্যাট অ্যান্ড মাউস ডে।

ইঁদুর বলতেই কিন্তু সব ইঁদুর এক রকম নয়। পোষ্য হিসেবে পরিচিত ‘ফ্যান্সি র‍্যাট’ ও ‘ফ্যান্সি মাউস’ বেশ বুদ্ধিমান, পরিচ্ছন্ন এবং মানুষের সঙ্গে সহজেই সখ্য গড়ে তুলতে পারে। এই বিশেষ প্রাণীদের প্রতি ভালোবাসা ও সচেতনতা ছড়িয়ে দিতেই প্রতি বছর ১২ নভেম্বর পালিত হয় ‘ফ্যান্সি র‍্যাট অ্যান্ড মাউস ডে’।

ফ্যান্সি র‍্যাট বলতে গৃহপালিত বাদামি ইঁদুরকে বোঝায়। অন্য দিকে, ফ্যান্সি মাউস হল গৃহপালিত ঘরের ইঁদুরেরই একটি বিশেষ ধরন। বন্য ইঁদুরের সঙ্গে এদের গুলিয়ে ফেলা ঠিক নয়। পোষ্য হিসেবে এরা বেশ জনপ্রিয়। বিশেষ করে শিশুদের জন্যও সঙ্গী হতে পারে এই ছোট্ট প্রাণীরা। কুকুর, বিড়াল বা খরগোশের তুলনায় এদের দেখভালের ঝামেলাও কিছুটা কম।

তবে যত্নের প্রয়োজন কম হলেও এদের গুরুত্ব কম নয়। ফ্যান্সি র‍্যাট ও মাউসের প্রজননকারী এবং অনুরাগীরা নিয়মিত বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেন। সেখানে নির্দিষ্ট প্রজাতির ইঁদুর ও মাউসকে নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে বিচার করা হয়। আমেরিকান ফ্যান্সি র‍্যাট অ্যান্ড মাউস অ্যাসোসিয়েশনের (এএফআরএমএ) মুখপাত্র কারেন রবিনসের কথায়, ইঁদুর অত্যন্ত বুদ্ধিমান এবং কুকুরের মতো প্রশিক্ষণও দেওয়া যায়। বিড়ালের মতো নিজের শরীর পরিষ্কার রাখে, মালিককে চিনতে পারে এবং তার সঙ্গ পছন্দ করে।

ফ্যান্সি র‍্যাট অ্যান্ড মাউস ডে-র ইতিহাস

১৯৮৩ সালে ক্যালিফোর্নিয়ায় গড়ে ওঠে আমেরিকান ফ্যান্সি র‍্যাট অ্যান্ড মাউস অ্যাসোসিয়েশন। ইঁদুরপ্রেমীদের এই অলাভজনক সংগঠনটি ফ্যান্সি র‍্যাট ও মাউসের প্রজাতিগত মান নির্ধারণ, প্রদর্শনীর আয়োজন এবং পোষ্য হিসেবে এদের জনপ্রিয় করে তোলার কাজ করে। সংগঠনটির মূল উদ্দেশ্য হল প্রদর্শনী ও পোষ্য হিসেবে ফ্যান্সি র‍্যাট এবং মাউসের প্রজননকে উৎসাহিত করা। সেই উদ্যোগের অংশ হিসেবেই প্রতি বছর ১২ নভেম্বর পালিত হয় এই বিশেষ দিন।

কীভাবে উদ্‌যাপন করবেন?

ইঁদুর ও মাউসকে ঘিরে সমাজে নানা ভয় ও ভুল ধারণা রয়েছে। অনেকেই এদের রোগ ছড়ানোর সঙ্গে যুক্ত করে দেখেন। কিন্তু পোষ্য হিসেবে পালিত ফ্যান্সি র‍্যাট ও মাউস পরিচ্ছন্ন এবং সাধারণত শান্ত স্বভাবের। তাই বন্য ইঁদুরের সঙ্গে এদের এক করে দেখা উচিত নয়।

এই দিন উপলক্ষে এএফআরএমএ-র আয়োজিত প্রদর্শনীতে অংশ নিতে পারেন আগ্রহীরা। সেখানে পোষ্য ইঁদুর ও মাউসের বিভিন্ন প্রজাতি দেখার পাশাপাশি নানা প্রতিযোগিতাও উপভোগ করা যায়। শুধু পোষ্যের মালিকরাই নন, এদের সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এই অনুষ্ঠানে যেতে পারেন। সেখানে অভিজ্ঞ পোষ্যপ্রেমীদের সঙ্গে পরিচিত হওয়া, যত্নের পরামর্শ নেওয়া এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও থাকে।

প্রদর্শনীতে যাওয়ার সুযোগ না থাকলে বাড়িতেই উদ্‌যাপন করতে পারেন দিনটি। দেখতে পারেন ইঁদুর বা মাউসকে কেন্দ্র করে তৈরি জনপ্রিয় ছবি ‘র‍্যাটাটুই’ কিংবা ‘অ্যান আমেরিকান টেল’। ছোটদের সঙ্গে বসে পুরনো মিকি মাউসের কার্টুন দেখাও হতে পারে মন্দ নয়। সঙ্গে রাখতে পারেন পছন্দের কিছু খাবার।

/এমএএল/
সম্পর্কিত
প্রেমিক-প্রেমিকা নেই? দুঃখ ভুলে নিজের সঙ্গেই ডেটে যান
দূর দেশে থেকেও পরিবারের ভরসা, প্রবাসীদের দায়িত্ববোধের উদ্‌যাপন আজ
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
সর্বশেষ খবর
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে
হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, চলবে ইরান-ওমানের আইনে
উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন
উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ