প্রকৃতির অদ্ভুত জলস্তম্ভ ফ্লাই গিজার, যা থেকে ছিটকে ওঠে গরম জল

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে রয়েছে এক আশ্চর্য জলস্তম্ভ, যার গায়ে ফুটে উঠেছে নানা রং। অদ্ভুত আকৃতির এই ফোয়ারা থেকে অনবরত ছিটকে বেরিয়ে আসে গরম জল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। তবে এটি পুরোপুরি প্রাকৃতিক সৃষ্টি নয়। মানুষের তৈরি কুয়ো থেকেই দুর্ঘটনাক্রমে জন্ম হয়েছিল এই বিস্ময়ের। নাম ফ্লাই গিজার। রঙিন পাথুরে স্তূপ আর গরম জলের ফোয়ারা দেখতে প্রতি বছরই এখানে আসেন পর্যটকেরা।

নেভাদার উত্তরাঞ্চলে ৩ হাজার ৮০০ একর জমির উপর বিস্তৃত ফ্লাই র‍্যাঞ্চে অবস্থিত এই গিজার। ২০১৬ সালে বার্নিং ম্যান প্রজেক্ট এই জমি কিনে নেয়। রেনো শহর থেকে গাড়িতে প্রায় দুই ঘণ্টার দূরত্বে, ব্ল্যাক রক মরুভূমির প্রান্তে এর অবস্থান।

এই আশ্চর্য গিজারের জন্মের ইতিহাসও বেশ চমকপ্রদ। ১৯১৬ সালে সেচের জন্য জল খুঁজতে স্থানীয় বাসিন্দারা সেখানে একটি কুয়ো খনন করেছিলেন। কিন্তু কুয়োর জল অত্যন্ত গরম হওয়ায় সেটি ব্যবহার করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সেখান থেকেই প্রথম গিজার তৈরি হতে শুরু করে। ১৯৬৪ সালে একটি ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদন সংস্থা ওই এলাকায় পরীক্ষামূলক কুয়ো খনন করে। পরে কুয়োটি ঠিকমতো বন্ধ না করায় সেখান থেকে প্রচণ্ড গরম জল বেরিয়ে আসতে থাকে। সেই জলের সঙ্গে থাকা ক্যালসিয়াম কার্বনেট জমে জমে তৈরি হয় অদ্ভুত পাথুরে স্তূপ। প্রতি বছর কয়েক ইঞ্চি করে বেড়েছে সেই স্তূপের উচ্চতা।

কয়েক দশক পর সেই পাথুরে স্তূপই পরিণত হয়েছে তিনটি বড় ঢিবিতে। লম্বা ঘাস ও নলখাগড়ার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই তিনটি গঠন প্রায় ছয় ফুট উঁচু। বাইরে সবুজ ও লাল রঙের বিচিত্র ছোপ। স্তূপের চূড়ায় থাকা তিনটি শঙ্কু আকৃতির অংশ থেকে এখনও চার-পাঁচ ফুট উঁচুতে ছিটকে বেরিয়ে আসে ফুটন্ত গরম জল।

গিজারের গায়ে এমন রঙের কারণও বেশ চমকপ্রদ। বিজ্ঞানীদের মতে, উষ্ণ ও আর্দ্র পরিবেশে বেঁচে থাকা বিশেষ ধরনের শৈবাল বা থার্মোফিলিক অ্যালগির কারণেই পাথরের গায়ে সবুজ ও লাল রঙের সৃষ্টি হয়েছে। শুধু বাইরের রং নয়, স্তূপের ভিতরেও রয়েছে কোয়ার্টজ। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, এখানে কোয়ার্টজ জমার গতিও অস্বাভাবিক দ্রুত। সাধারণত গিজারের মধ্যে কোয়ার্টজের স্তর তৈরি হতে প্রায় ১০ হাজার বছর সময় লাগতে পারে। সেই তুলনায় ফ্লাই গিজারের এই বৈশিষ্ট্য একে আরও বিস্ময়কর করে তুলেছে।

কীভাবে যাবেন ফ্লাই গিজারে?

নেভাদার গারলাখ শহর থেকে প্রায় ২০ মাইল উত্তরে স্টেট রুট ৩৪-এর পাশে ফ্লাই গিজারের অবস্থান। রাস্তা থেকেই এই রঙিন জলস্তম্ভ দেখা যায়। দূর থেকেও চোখে পড়ে গরম জলের বাষ্পের স্তম্ভ। তবে কাছ থেকে দেখতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে যেতে হয়।

ফ্লাই গিজার দেখার সুযোগ

ফ্লাই র‍্যাঞ্চ বর্তমানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। তবে গিজারটি কাছ থেকে দেখার জন্য ফ্রেন্ডস অব ব্ল্যাক রক-হাই রক এবং বার্নিং ম্যান প্রজেক্টের যৌথ উদ্যোগে প্রকৃতিভ্রমণের ব্যবস্থা রয়েছে। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টার এই ভ্রমণে সম্পত্তির দুটি আলাদা অংশ ঘুরে দেখা যায়। দক্ষিণ অংশে রয়েছে বার্নিং ম্যানের শিল্পকর্ম, যার মধ্যে উল্লেখযোগ্য বাবা ইয়াগা হাউস। অন্য দিকে উত্তর অংশে রয়েছে জলাভূমি, বন্যপ্রাণী এবং নানা ভূতাপীয় বিস্ময়। ফ্লাই গিজার এই অংশের অন্যতম আকর্ষণ।

কাছাকাছি কোথায় ঘুরবেন?

ফ্লাই গিজার দেখে ফেরার পথে গারলাখ শহরে কিছুক্ষণ সময় কাটানো যায়। নির্জন এই ছোট শহরে রয়েছে কয়েকটি ক্যাফে, রেস্তরাঁ ও পানশালা। ব্রুনোস কান্ট্রি ক্লাবে পাওয়া যায় সুস্বাদু রাভিওলি। এ ছাড়া রয়েছে মাইনার্স ক্লাব এবং জো’স গারলাখ ক্লাব। হাতে সময় থাকলে কাছাকাছি নেভাদার উষ্ণ প্রস্রবণগুলিও ঘুরে দেখা যায়। এলাকায় রাত কাটানোর জন্য রয়েছে ব্রুনোস মোটেল।

ফ্লাই গিজার দেখতে গেলে জায়গাটির পরিবেশ ও নির্দিষ্ট ভ্রমণবিধি মেনে চলা জরুরি। এটি অত্যন্ত সংবেদনশীল ভূতাত্ত্বিক এলাকা। তাই কোনও কিছু স্পর্শ বা নষ্ট না করে প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি উপভোগ করাই সবচেয়ে ভালো।