শ্যাম্পুর সঙ্গে মেশান ৩ উপকরণ, রুক্ষ চুল হবে নরম-ঝলমলে

তারকাদের মতো নরম, মসৃণ ও ঝলমলে চুল পেতে চান? শুধু শ্যাম্পু করলেই হবে না, প্রয়োজন চুলের বাড়তি যত্নও। তবে প্রতিদিনের ব্যস্ততায় আলাদা করে হেয়ারপ্যাক তৈরি করা বা তেল মাখার সময় পান না অনেকেই। সে ক্ষেত্রে শ্যাম্পুর সঙ্গে কয়েকটি পরিচিত উপাদান ব্যবহার করে দেখতে পারেন। এতে চুলের শুষ্ক ভাব কমাতে ও মসৃণতা ফিরিয়ে আনতে সাহায্য হতে পারে।

গোলাপজল

চুলের পরিচর্যায় ব্যবহার করতে পারেন গোলাপজল। শ্যাম্পুর সঙ্গে অল্প গোলাপজল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে চুল ধোয়ার সময়ে শুষ্ক ভাব কিছুটা কমতে পারে। তবে মাথার ত্বকে অস্বস্তি বা জ্বালাভাব হলে ব্যবহার বন্ধ করুন।

বেকিং সোডা

যে শ্যাম্পু ব্যবহার করেন, তা প্যারাবেন আর সালফেট মুক্ত কিনা তা যাচাই করুন। প্যারাবেন আর সালফেট মুক্ত শ্যাম্পুতে ফেনা তেমন হয় না। তবু যদি বাড়তি ফেনা পেতে চান, শ্যাম্পুতে মিশিয়ে নিন অল্প বেকিং সোডা। ফেনাও হবে, চুল পরিষ্কারও থাকবে।

তবে বেকিং সোডা ক্ষারধর্মী হওয়ায় মাথার ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। চুল অতিরিক্ত শুষ্ক ও রুক্ষও হয়ে যেতে পারে। তাই ব্যবহার করার আগে যাচাই করে নিন।

মধু

শুষ্ক ও নিষ্প্রভ চুলের যত্নে মধু ব্যবহার করতে পারেন। অল্প মধু শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে চুলের দৈর্ঘ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। মধু চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে চুল তুলনায় নরম ও মসৃণ দেখায়।

তবে মনে রাখতে হবে, শ্যাম্পুর সঙ্গে এই উপাদানগুলি মেশালেই চুল পড়া বন্ধ হবে বা চুলের ঘনত্ব বেড়ে যাবে, এমন নয়। অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকলে তার কারণ খুঁজে বের করা জরুরি। চুলের ধরন বুঝে শ্যাম্পু বেছে নেওয়া এবং মাথার ত্বক পরিষ্কার রাখাই চুলের সুস্থতার জন্য বেশি গুরুত্বপূর্ণ।