ফরাসি নারীদের চুলের স্বাভাবিক সৌন্দর্য অনেকেরই নজর কাড়ে। অতিরিক্ত স্টাইলিং বা প্রসাধনীর ব্যবহার ছাড়াই তাদের চুলে থাকে এক ধরনের সহজাত সৌন্দর্য। এর রহস্য কি দামি শ্যাম্পু বা বিশেষ কোনও প্রসাধনী? চুলের যত্নে কয়েকটি সাধারণ অভ্যাসও গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্যাম্পু করার পদ্ধতিতে সামান্য বদল আনলেই চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য মিলতে পারে।
১. চুলের গোড়ায় দিন বেশি নজর: শ্যাম্পু করার সময়ে গোড়া থেকে ডগা পর্যন্ত চুল জোরে ঘষার অভ্যাস অনেকেরই রয়েছে। এতে চুলে ঘর্ষণ তৈরি হয়ে ভাঙন বা জটের সমস্যা বাড়তে পারে। মাথার ত্বকে জমে থাকা ধুলোবালি, অতিরিক্ত তেল এবং প্রসাধনীর অবশিষ্টাংশ পরিষ্কার করাই শ্যাম্পু করার মূল উদ্দেশ্য। তাই চুলের লম্বা অংশ ঘষার বদলে মাথার ত্বকে বেশি মনোযোগ দিন।
২. অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন: গরম পানিতে স্নান আরামদায়ক হলেও অতিরিক্ত গরম পানি চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। ফলে চুল রুক্ষ ও নিষ্প্রভ দেখাতে পারে। মাথার ত্বকেও শুষ্কতা বা অস্বস্তি তৈরি হতে পারে। তাই শ্যাম্পু করার সময়ে হালকা উষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।
৩. নখ দিয়ে মাথার ত্বক ঘষবেন না: শ্যাম্পু করার সময়ে নখ দিয়ে মাথার ত্বক আঁচড়ানো বা জোরে ঘষা ঠিক নয়। এতে ত্বকে জ্বালা বা ক্ষত তৈরি হতে পারে। তার বদলে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে বৃত্তাকারে মালিশ করুন। এতে মাথার ত্বক পরিষ্কার করাও সহজ হবে, অপ্রয়োজনীয় ঘর্ষণও এড়ানো যাবে।
৪. বেশি শ্যাম্পু মানেই বেশি পরিষ্কার নয়: চুল পরিষ্কারের জন্য অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই। চুলের দৈর্ঘ্য, ঘনত্ব এবং মাথার ত্বকে কতটা তেল বা ময়লা জমেছে, তার উপর শ্যাম্পুর পরিমাণ নির্ভর করে। প্রয়োজন হলে অল্প শ্যাম্পু নিয়ে মাথার ত্বক পরিষ্কার করুন। একবারে বেশি শ্যাম্পু ব্যবহার না করে বোতলের নির্দেশ মেনে চলুন এবং শেষে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. চুলের দৈর্ঘ্য জোরে ঘষবেন না: শ্যাম্পু করার সময়ে মাথার ত্বক পরিষ্কারের পাশাপাশি চুলের লম্বা অংশেও আলতোভাবে হাত বুলিয়ে দিন। দুই হাতের তালুর মধ্যে চুল নিয়ে জোরে ঘষাঘষি করবেন না। মাথার ত্বক ধোয়ার সময়ে যে ফেনা চুলের দৈর্ঘ্য বেয়ে নেমে আসে, তা সাধারণত সেই অংশ পরিষ্কার করার জন্য যথেষ্ট। এতে জট ও ঘর্ষণজনিত চুল ভাঙার আশঙ্কা কমতে পারে।
চুলের যত্নে দামি প্রসাধনীর পাশাপাশি নিয়মিত ও সঠিক পরিচর্যাও জরুরি। নিজের চুলের ধরন বুঝে উপযুক্ত শ্যাম্পু বেছে নিন, অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলুন এবং শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। ছোট ছোট এই অভ্যাসই চুলকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করতে পারে।