টমেটো দিয়ে তৈরি করা যায় নানা পদ। তবে মুরগির কিমার পুর দিয়ে তৈরি চিকেন স্টাফড টমেটো স্বাদে ও পরিবেশনে দুদিক থেকেই একটু আলাদা। প্রতিদিনের রান্নায় একটু নতুনত্ব আনতে চাইলে তাই তৈরি করতে পারেন চিকেন স্টাফড টমেটো। টমেটোর ভেতরে মশলাদার মুরগির কিমার পুর, সঙ্গে কাজুবাদামের স্বাদ আর উপর থেকে গলানো চিজের এই পদটি হতে পারে বিকালের নাশতা কিংবা রাতের খাবারের আকর্ষণীয় খাবার। বাড়িতে সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার।
উপকরণ
মুরগির কিমা ১ কাপ, বড় টমেটো ৮টি, লঙ্কা গুঁড়ো ২ চা চামচ, কাঁচালমরিচ ১টি, মাখন ১ টেবিল চামচ, মাঝারি পেঁয়াজ ২টি (মিহি কুচি), আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ ও তেজপাতা পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী, চিজ ইচ্ছেমতো এবং সামান্য ধনেপাতা কুচি।
প্রণালী
প্রথমে একটি পাত্রে মুরগির কিমার সঙ্গে মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ ও মিহি কুচি করা কাঁচামরিচ ভালো করে মিশিয়ে রাখুন। এবার টমেটোগুলোর ওপরের অংশ সামান্য কেটে চামচের সাহায্যে ভেতরের শাঁস ও বীজ বের করে নিন। টমেটোর খোসা যেন ফেটে না যায়, সেদিকে খেয়াল রাখবেন।
এবার প্যানে মাখন গরম করে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি ও টমেটোর ভেতরের শাঁস দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গোটা মশলাগুলো তুলে ফেলুন। এবার কাজুবাদাম বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মিশ্রণটি নামিয়ে ঠান্ডা হলে আগে মশলা মাখিয়ে রাখা মুরগির কিমার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
তৈরি পুর টমেটোগুলির ভেতরে ভরে দিন। এবার একটি পাত্রে পানি গরম করে তার ওপর স্ট্যান্ড বসিয়ে স্টাফ করা টমেটো সাজিয়ে রাখুন। পাত্রের মুখ ঢেকে কম আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন। চাইলে প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ২০ মিনিট বেক করেও তৈরি করতে পারেন। তবে সময়ের চেয়ে টমেটো ও মুরগির কিমা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
রান্না হয়ে গেলে টমেটোর ওপর চিজ গ্রেট করে দিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন স্টাফড টমেটো।