বয়স ৪০ পেরিয়েছে মানেই মস্তিষ্কও সেই বয়সের মতোই সচল থাকবে, এমন নয়। অনেক সময় শরীরের প্রকৃত বয়সের তুলনায় মস্তিষ্কের বয়স বেড়ে যেতে পারে দ্রুত। এর প্রভাব পড়ে স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাভাবনার ক্ষমতায়। দীর্ঘমেয়াদে ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের ঝুঁকিও বাড়তে পারে। তবে বয়স বাড়ার প্রক্রিয়া পুরোপুরি থামানো সম্ভব না হলেও কিছু অভ্যাসের মাধ্যমে মস্তিষ্কের সুস্থতা বজায় রাখা যায়। চিকিৎসক অন্বিত ভট্টাচার্য জানিয়েছেন, ব্রেনকে দীর্ঘদিন সচল ও তরুণ রাখতে পাঁচটি অভ্যাস জরুরি।
প্রথমেই নজর দিতে হবে শরীরচর্চায়। চিকিৎসকের পরামর্শ, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলে মস্তিষ্কের কোষের কার্যকারিতা এবং শেখা ও মনে রাখার ক্ষমতা ভাল থাকে।
মস্তিষ্ককে সচল রাখতে নতুন কিছু শেখার অভ্যাসও জরুরি। দাবা খেলা, বই পড়া, নতুন ভাষা শেখা কিংবা গান শেখার মতো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। নতুন কিছু শেখার ফলে মস্তিষ্কের স্নায়ুকোষগুলির মধ্যে যোগাযোগ বাড়ে। এতে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
ঘুম ও খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। প্রতিদিন সাত থেকে ৯ ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করুন। ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি সম্পন্ন করে। পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ও স্মৃতিশক্তিতে প্রভাব পড়তে পারে। পাশাপাশি প্রতিদিনের খাবারে প্রোটিন, শাকসব্জি, দানাশস্য ও ফল রাখুন।
ধূমপান এবং অতিরিক্ত মদ্যপানের অভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই দুই অভ্যাস রক্তনালির ক্ষতি করতে পারে। ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ার পাশাপাশি স্মৃতিশক্তি ও অন্যান্য মানসিক কার্যকারিতার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে ধূমপান এড়িয়ে চলা এবং মদ্যপান থেকে বিরত থাকা জরুরি।
এ ছাড়া রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এগুলির মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে মস্তিষ্কের রক্তনালির ক্ষতি হতে পারে এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। কোনও সমস্যা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনুন।
চিকিৎসকের মতে, মস্তিষ্কের বয়স বাড়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা যায় না। তবে নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং মস্তিষ্ককে সক্রিয় রাখার অভ্যাস গড়ে তুললে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।