ঝটপট বিউটি টিপস!

ঝটপট বিউটি টিপস!

ঠোঁট ফেটে যাওয়া কিংবা ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যাওয়ার মতো সমস্যায় আমাদের পড়তে হয় প্রায়ই। এছাড়া আরও নানান ধরনের টুকিটাকি সমস্যা তো রয়েছেই। এসব সৌন্দর্য সমস্যার চটজলদি সমাধান রয়েছে হাতের কাছেই। জেনে নিন কিছু প্রয়োজনীয় বিউটি টিপস-   

ত্বকের তৈলাক্ত ভাব কমাবে ডিম
অতিরিক্ত তেলতেলে ভাবে কারণে ত্বকে মেকআপ বসছে না? ডিমের সাদা অংশ ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কমে যাবে ত্বকের তৈলাক্ত ভাব।

ব্ল্যাকহেডস দূর করবে বেকিং সোডা
নাক ও ঠোঁটের আশেপাশের অংশ ব্ল্যাকহেডসের কারণে কালচে হয়ে গেলে বেকিং সোডা লাগান। পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন। দূর হবে ব্ল্যাকহেডস।

খুশকি দূর করবে লেবু ও দই
খুশকির কারণে চুল পড়ে যাচ্ছে? দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি চলে যাবে।

ব্রণ থেকে মুক্তি দেবে টুথপেস্ট
রাতে ঘুমানোর আগে সামান্য টুথপেস্ট ব্রণের উপর লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক। ব্রণ দূর হবে।

দাঁত ঝকঝকে করবে লেবু ও বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে মিনিট দশেক লাগিয়ে রাখুন মিশ্রণটি। দূর হবে দাঁতের হলদেটে ভাব।

ঠোঁটের শুষ্কতা দূর করবে মাখন
ঠোঁট শুষ্ক হয়ে ফেটে গেলে সামান্য মাখন লাগিয়ে রাখুন ঠোঁটে। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করলে নরম ও কোমল হবে ঠোঁট।

রুক্ষ চুলের যত্নে অ্যাভোকাডো
পাকা অ্যাভোকাডো পেস্ট করে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে চুলের রুক্ষতা।

/এনএ/