আর ছড়াবে না কাজল!

আর ছড়াবে না কাজল!

চোখের কোল ঘেঁষে কাজলের ছোট্ট একটি টান স্নিগ্ধতা নিয়ে আসে চেহারায়। তবে গরমে ঘেমে যদি ছড়িয়ে পড়ে কাজল তবে সবকিছুই পণ্ড! এই গরমে এ ধরনের বিব্রতকর সমস্যা এড়াতে জেনে নিন কাজল ব্যবহারের নিয়ম কানুন। পাশাপাশি সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলে আর ছড়াবে না কাজল। জেনে নিন সেগুলো কী কী-   

  • কাজল ব্যবহার করার আগে ভালো করে পরিস্কার করে নিন ত্বক। তারপর বরফের টুকরা ঘষে নিন চোখের পাতার আশেপাশে। এক টুকরা তুলা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে চোখের পাতা পরিস্কার করে নিন। তোয়ালে দিয়ে ত্বক মুছে কাজল পরুন। শেষে খানিকটা ফেস পাউডার ঘষে নিন কাজলের উপরে।
  • সবসময় ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করবেন। এই গরমে ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করাই ভালো।  
  • কাজল লাগানোর পর আই লাইনারের একটি লাইন টেনে দিন একেবারে বর্ডার লাইন ছুঁয়ে। ছড়াবে না কাজল।
  • চোখের কোণায় খুব গাঢ় বা মোটা করে কাজল লাগাবেন না। পুরো চোখে গাঢ় করে লাগিয়ে চোখের কোণায় ছেড়ে দিন কাজলের লাইন। চিকন করে লাইন টেনে শেষ করুন কাজল পরা।
  • চোখের পাতায় গাঢ় রংয়ের আইশ্যাডো ব্যবহার করুন। এতে কাজল ছড়িয়ে পড়লেও সহজে বোঝা যাবে না।
  • বাইরে বের হওয়ার সময় ব্যাগে সবসময় ফেস পাউডার, ভেজা টিস্যু ও কটন বাডস রাখবেন। এতে কাজল ছড়িয়ে পড়লেও ঝটপট টাচ আপ করে নিতে পারবেন।

/এনএ/