আজ আঙুলের স্বাধীনতা দিবস!

সারাদিন জুতা-মোজার ভেতরে বন্দী থাকা পায়ের ছোট্ট আঙুলগুলোকে কি কখনও একটু স্বাধীনতা দিয়েছেন? না দিয়ে থাকলে, এবার সেই সুযোগ! কারণ আছে পায়ের আঙুল নাচানোর দিবস।

নাম শুনেই মুচকি হাসি আসতে পারে। তবে এটি শুধু মজা করার দিন নয়, বরং নিজের পায়ের প্রতি একটু যত্নশীল হওয়ারও একটি উপলক্ষ। খালি পায়ে হাঁটা, পায়ের আঙুল নাড়ানো কিংবা একটু আরাম দেওয়া এসব ছোট ছোট কাজেই মিলতে পারে স্বস্তি।

আঙুলগুলোও চায় একটু স্বাধীনতা

প্রতিদিন আমাদের পা কতটা পরিশ্রম করে, তা আমরা অনেক সময় খেয়ালই করি না। সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা, দৌড়ানো কিংবা নানা কাজে ব্যস্ত থাকার পুরো ভারটাই নেয় পা।

আর সেই পায়ের আঙুলগুলো দিনের বেশির ভাগ সময় কাটায় জুতা বা কেডসের ভেতরে। তাই এই দিনটি যেন তাদের জন্য ছোট্ট একটি ছুটির দিন। জুতা খুলে একটু বাতাস লাগানো, ইচ্ছেমতো নড়াচড়া করা আর একটু আদর পাওয়ার সুযোগ তাদের।

খালি পায়ে হেঁটে আসুন সমুদ্রসৈকতের নরম বালুতে। ছবি: সংগৃহীত

কীভাবে উদযাপন করবেন

জাতীয় পায়ের আঙুল নাচানোর দিবস উদযাপনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। নিজের মতো করে ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করলেই হলো।

খালি পায়ে সমুদ্রসৈকতের নরম বালুর ওপর হাঁটা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। পায়ের আঙুলের ফাঁকে বালুর স্পর্শ, ঢেউয়ের পানিতে পা ভেজানো এসব এনে দিতে পারে প্রকৃতির সঙ্গে এক অন্যরকম সংযোগ।

তবে সাবধান থাকতে হবে পাথর, ঝিনুক বা ধারালো কোনও কিছুর বিষয়ে। আনন্দ করতে গিয়ে পায়ে আঘাত পাওয়া নিশ্চয়ই এই দিনের উদ্দেশ্য নয়।

নিতে পারেন ফুট স্পা। ছবি: সংগৃহীত

স্পা নয়, ঘরেই হোক পায়ের যত্ন

সৈকতে যাওয়ার সুযোগ না থাকলেও মন খারাপের কারণ নেই। বাড়িতেই তৈরি করা যায় আরামের পরিবেশ।

একটি ফুট ম্যাসাজ হতে পারে চমৎকার উপায়। কাছের কোনও স্পাতে গিয়ে ফুট ম্যাসাজ নিতে পারেন, অথবা প্রিয়জনের কাছ থেকে পেয়ে যেতে পারেন একটু বাড়তি যত্ন।

ফিশ পেডিকিউরের অভিজ্ঞতা নিতে চাইলে এই দিনটিও হতে পারে উপযুক্ত উপলক্ষ। আর বাড়িতে যদি ফুট স্পা থাকে, তাহলে আলমারি থেকে সেটি বের করার এটাই সেরা সময়।

ভাবুন তো, প্রতিদিন আপনাকে বহন করার দায়িত্ব পালন করে যে পা তাকে একটু আরাম দেওয়ার সুযোগ কি তার প্রাপ্য নয়?

বাড়িতেই করে নিন ফুট ম্যাসাজ। ছবি: সংগৃহীত

নতুন জুতার অজুহাতও হতে পারে

জুতা কেনার শখ থাকলে এই দিনটি হতে পারে নতুন এক জোড়া আরামদায়ক জুতা কেনার সুন্দর অজুহাত।

তবে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, জুতাকে হতে হবে পায়ের বন্ধু। সঠিক মাপ, ভালো কুশনিং এবং প্রয়োজনীয় সাপোর্ট এসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

অনেকেই ভুল মাপের জুতা কিনে ফেলেন। তাই জুতা কেনার সময় পায়ের সঠিক মাপ নেওয়া জরুরি। জুতার সামনে পায়ের আঙুল নড়াচড়ার জন্য কিছুটা জায়গা থাকা দরকার। সাধারণভাবে প্রায় আধা ইঞ্চি জায়গা থাকলে আঙুলগুলো স্বাভাবিকভাবে নড়তে পারে।

নতুন জুতা কেনার আগে পরে হাঁটাচলা করে দেখে নেওয়াও গুরুত্বপূর্ণ। কারণ আরামদায়ক জুতাই পারে দীর্ঘদিন পায়ের সুস্থতা ধরে রাখতে।

ছোট্ট আঙুলের মজার গল্প

‘লিটল পিগিজ’ নামটি শুনলে অনেকেরই মনে পড়ে যায় ছোটবেলার সেই পরিচিত ছড়ার কথা, যেখানে শিশুদের পায়ের আঙুল গুনে গুনে মজা করা হয়।

এই ছড়ার ইতিহাসও বেশ পুরোনো। ধারণা করা হয়, ১৭২৮ সালে ‘দ্য নার্সেস সং’ সংকলনে এটি প্রথম প্রকাশিত হয়। পরে ১৭৬০ সালে লন্ডনে প্রকাশিত ‘দ্য ফেমাস টমি থাম্বস লিটল স্টোরি-বুক’-এ এর পূর্ণাঙ্গ সংস্করণ পাওয়া যায়।

আপনার সন্তানদের সঙ্গে যদি কখনো এই ছড়াটি না বলে থাকেন, তাহলে পায়ের আঙুল নাচানোর দিবস হতে পারে শুরু করার দারুণ একটি উপলক্ষ।

আঙুল নাচুক, মনও ভালো থাকুক

দিনটি হয়তো খুব বড় কোনও উৎসব নয়, তবে এর বার্তা সুন্দর নিজের শরীরের ছোট ছোট অংশগুলোর প্রতিও যত্নশীল হওয়া দরকার।

তাই আজ একটু জুতা খুলুন, পায়ের আঙুলগুলোকে নড়তে দিন, আর উপভোগ করুন ছোট্ট এই আনন্দের মুহূর্ত।