ফ্যাশন মানেই সব সময় নতুন পোশাক নয়। একই পোশাক বারবার পরাও হতে পারে সচেতন ও দায়িত্বশীল ফ্যাশনের অংশ। এমনই বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার ছবি দেখলেই বোঝা যায় তিনি একই পোশাক অনেকবার পরেন। বিষয়টি নিয়ে তিনি গর্ববোধ করেন।
তার মতে, সত্যিকারের স্টাইল নতুন পোশাকে নয়, বরং সচেতন সিদ্ধান্তে।
পোস্টে তিনি লিখেন, ছোটবেলায় মডেলিং শুরু করেছিলেন। প্রায় ১৮ থেকে ১৯ বছরের ক্যারিয়ারে দেশি-বিদেশি অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। ফলে নতুন নতুন পোশাকের সঙ্গে তার পরিচয় সবসময়ই ছিল। তবে একটি প্রশ্ন তাকে সবসময় ভাবিয়েছে। তার সেটা হলো এত পোশাক তৈরি ও কেনার পর সেগুলোর শেষ পরিণতি কী?
তিনি বলেন, ফ্যাশন শিল্প বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় ৮ থেকে ১০ শতাংশের জন্য দায়ী। এছাড়া একটি সাধারণ কটন টি-শার্ট তৈরি করতে প্রায় ২ হাজার ৭০০ লিটার পানি লাগে।
পিয়া লিখেন, এসব তথ্য জানার পর তিনি বুঝতে পারেন, ফ্যাশনের বিষয়টি শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পরিবেশ, প্রাণী, শ্রমিক এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্কও রয়েছে।
তিনি আরও বলেন, একটি পোশাক একবার পরেই আলমারিতে তুলে রাখার প্রয়োজন নেই। বরং একটি পোশাক যত বেশি ব্যবহার করা যায়, সেটিই সবচেয়ে দায়িত্বশীল ফ্যাশন।
পোস্টের শেষে সবাইকে সচেতনভাবে কেনাকাটা করার আহ্বান জানান এই মডেল। তিনি লিখেন, প্রয়োজন ছাড়া নতুন পোশাক না কেনা এবং নিজের পছন্দের পোশাক বারবার ব্যবহার করার মতো ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের শুরু হতে পারে।
পিয়া জান্নাতুল বলেন, ফ্যাশন অবশ্যই সুন্দর হবে। তবে সেই সৌন্দর্যের জন্য যেন পরিবেশ, প্রাণী কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে মূল্য দিতে না হয়, সেদিকেও সবার নজর রাখা উচিত।