গরমে স্বস্তি দেবে মৌসুমি ফলের রঙিন সালাদ

গ্রীষ্মের এই সময়ে বাজার ভরে গেছে নানা রকম রসালো ও সুস্বাদু মৌসুমি ফলে। আম, লিচু, তরমুজ, আনারস কিংবা পেঁপে—প্রতিটি ফলই শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। একাধিক ফল একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সতেজ একটি ফলের সালাদ, যা শরীরকে রাখবে ঠান্ডা, সতেজ এবং চাঙা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকালের হালকা নাশতা—সব ক্ষেত্রেই এটি হতে পারে দারুণ একটি পছন্দ।

মৌসুমি ফলের সালাদ উপকরণ

  • পাকা আম ১ কাপ (কিউব করে কাটা)
  • তরমুজ ১ কাপ (কিউব করে কাটা)
  • আনারস ১ কাপ (ছোট টুকরা)
  • পেঁপে আধা কাপ (কিউব করে কাটা)
  • লিচু ৮-১০টি (বিচি ফেলে অর্ধেক করা)
  • ডালিমের দানা এক কাপ
  • কলা ২টি (কিউব করে কাটা)
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • মধু ১ টেবিল চামচ
  • বিট লবণ আধা চা চামচ
  • পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ
  • আইসক্রিম

প্রস্তুত প্রণালি

একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। আলাদা একটি পাত্রে লেবুর রস, মধু ও বিট লবণ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিংটি ফলের ওপর ঢেলে আলতো করে মিশিয়ে নিন। ওপরে ডালিমের দানা ও পুদিনা পাতা ছড়িয়ে দিন। পরিবেশনের আগে ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

পরিবেশন টিপস
সালাদে চাইলে আঙুর, জাম, মাল্টা বা কিউইও যোগ করা যেতে পারে। আরও আকর্ষণীয় স্বাদের জন্য সামান্য ভাজা চিয়া সিড বা কুচি করা বাদাম ছিটিয়ে পরিবেশন করুন। সঙ্গে যোগ করুন পছন্দ মতো আইসক্রিম।

এই সালাদটি গরমের দিনে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদাও পূরণ করবে।