স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল

হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার খুঁজছেন? সেক্ষেত্রে নিরামিষ পেঁপে মুগ ডাল হতে পারে দারুণ একটি পছন্দ। ভাজা মুগ ডাল, কাঁচা পেঁপের পুষ্টিগুণ আর ঘি-ফোড়নের স্বাদে তৈরি এই পদটি গরম ভাতের সঙ্গে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও। খুব কম উপকরণে অল্প সময়েই ঘরেই তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী নিরামিষ রান্না।

উপকরণ

  • সোনা মুগ ডাল – ১/২ কাপ
  • পেঁপে – ১ কাপ (ছোট টুকরো করে কাটা)
  • আদা বাটা – ১ চা-চামচ
  • জিরে গুঁড়ো – ১/২ চা-চামচ
  • হলুদ গুঁড়ো – ১/২ চা-চামচ
  • গোটা জিরে – ১/২ চা-চামচ
  • তেজপাতা – ১টি
  • শুকনা মরিচ – ১টি
  • কাঁচা মরিচ – ২–৩টি
  • লবণ – স্বাদমতো
  • চিনি – সামান্য
  • সরিষার তেল – ১ টেবিল চামচ
  • ঘি – ১ চা-চামচ

প্রণালি

প্রথমে কড়াইয়ে সোনা মুগ ডাল হালকা লালচে করে ভেজে নিন। এরপর ডাল ধুয়ে পরিষ্কার করে রাখুন। একটি পাত্রে প্রয়োজনমতো পানি দিয়ে ভাজা ডাল ও পেঁপের টুকরো একসঙ্গে সেদ্ধ করুন। ডাল ও পেঁপে নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন।

এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ ও গোটা জিরা দিয়ে ফোড়ন দিন। আদা বাটা, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো সামান্য পানিতে গুলে কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষানো হলে সেদ্ধ করা ডাল ও পেঁপে কড়াইয়ে দিয়ে মিশিয়ে নিন। স্বাদমতো লবণ ও সামান্য চিনি দিয়ে কয়েক মিনিট ফুটতে দিন।

ডাল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি ও কাঁচা মরিচ ছড়িয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।