বর্ষার দিনে কিংবা পারিবারিক আয়োজনে পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার হতে পারে পঞ্চপদী খিচুড়ি। চাল, দুই ধরনের ডাল এবং পাঁচ রকমের সবজির সমন্বয়ে তৈরি এই খিচুড়ি যেমন স্বাস্থ্যকর, তেমনি স্বাদেও অনন্য। অল্প কিছু উপকরণে সহজেই ঘরেই তৈরি করা যায় এই পুষ্টিকর পদটি।
উপকরণ
পোলাও চাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, ঘি ১/৪ কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁপে (কিউব করে কাটা) ১/৪ কাপ, আলু (কিউব করে কাটা) ১/৪ কাপ, গাজর (কিউব করে কাটা) ১/৪ কাপ এবং লাউ (কিউব করে কাটা) ১/৪ কাপ।
প্রণালি
প্রথমে পোলাও চাল, মুগ ডাল ও মসুর ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চুলায় একটি হাঁড়িতে ঘি গরম করে তাতে তেজপাতা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে সামান্য পানি ছিটিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে চাল ও ডাল দিয়ে প্রয়োজনমতো পানি যোগ করে ঢেকে রান্না করুন। চাল সেদ্ধ হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে, আলু, গাজর ও লাউ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। শেষে গরম মসলা গুঁড়া ছিটিয়ে নামিয়ে সার্ভিং ডিশে পরিবেশন করুন।