হার্ট অ্যাটাকের আগে নারীদের শরীরে দেখা দিতে পারে যেসব সংকেত

হার্ট অ্যাটাকের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বুকে তীব্র ব্যথায় কাতর একজন মানুষের ছবি। কিন্তু বাস্তবে সব হার্ট অ্যাটাক এতটা স্পষ্ট লক্ষণ নিয়ে আসে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে শরীরের অন্য কিছু অস্বাভাবিক পরিবর্তনও হৃদ্‌যন্ত্রের সমস্যার ইঙ্গিত দিতে পারে।

কখনো বুক ভার লাগা, কখনও শ্বাস নিতে কষ্ট, আবার কখনও পেটের অস্বস্তি বা বমিভাব এমন সাধারণ বলে মনে হওয়া উপসর্গও গুরুত্ব পাওয়ার দাবি রাখে। তাই হঠাৎ শুরু হওয়া অস্বাভাবিক শারীরিক পরিবর্তনকে শুধু গ্যাস, ক্লান্তি বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।

বুকের অস্বস্তি সবসময় তীব্র ব্যথা নয়

হার্ট অ্যাটাকের সময় বুকের মাঝখানে চাপ বা ভারী লাগতে পারে। অনেকের ক্ষেত্রে চেপে ধরার মতো অনুভূতি কিংবা হালকা অস্বস্তি হয়, যা তীব্র ব্যথার মতো নাও মনে হতে পারে।

তাই বুকের অস্বস্তি দেখা দিলে সেটিকে সাধারণ গ্যাসের সমস্যা ধরে নেওয়ার আগে অন্যান্য উপসর্গের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

ব্যথা ছড়িয়ে পড়তে পারে অন্য জায়গায়

হৃদ্‌যন্ত্রের সমস্যাজনিত অস্বস্তি শুধু বুকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন নয়। ব্যথা বা চাপ এক হাত কিংবা দুই হাতে ছড়িয়ে যেতে পারে। একই সঙ্গে পিঠ, ঘাড়, চোয়াল বা পেটেও অস্বস্তি অনুভূত হতে পারে।

বিশেষ করে হঠাৎ এমন ব্যথা শুরু হলে এবং তার সঙ্গে অন্য কোনো উপসর্গ যুক্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

হঠাৎ শ্বাসকষ্ট

কোনো পরিশ্রম ছাড়াই আচমকা শ্বাস নিতে কষ্ট হওয়াও হৃদ্‌যন্ত্রের সমস্যার সংকেত হতে পারে। বুকের অস্বস্তির পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে বুকব্যথা ছাড়াও শ্বাসকষ্ট হতে পারে।

তাই হঠাৎ শুরু হওয়া শ্বাসকষ্টকে সামান্য সমস্যা ভেবে দীর্ঘ সময় অপেক্ষা করা উচিত নয়।

বমিভাব বা মাথা হালকা লাগা

হার্ট অ্যাটাকের কিছু উপসর্গ এমন হতে পারে, যেগুলো প্রথমে হৃদ্‌যন্ত্রের সমস্যার সঙ্গে মিলিয়ে দেখা হয় না। হঠাৎ বমি বমি ভাব, বমি, মাথা হালকা লাগা বা দুর্বলতার মতো অনুভূতি দেখা দিতে পারে।

এর সঙ্গে ঠান্ডা ঘাম বা শরীর ঠান্ডা হয়ে আসার অনুভূতিও থাকতে পারে। অনেক সময় এসব লক্ষণকে অম্বল, সাধারণ দুর্বলতা কিংবা মানসিক চাপের কারণে হয়েছে বলে মনে হতে পারে।

একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে সতর্ক

নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ সবসময় একই ধরনের হয় না। তাই শুধু বুকের তীব্র ব্যথার অপেক্ষা করলে কখনও কখনও চিকিৎসা নিতে দেরি হতে পারে।

হঠাৎ বুকের চাপ বা অস্বস্তি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ব্যথা, ঠান্ডা ঘাম, বমিভাব, মাথা ঘোরা বা দুর্বলতার মতো একাধিক উপসর্গ একসঙ্গে দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

এ ধরনের উপসর্গ হার্ট অ্যাটাক ছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যায় হতে পারে। তবে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকলে দ্রুত চিকিৎসা নেওয়াই নিরাপদ। বিশেষ করে উপসর্গ হঠাৎ শুরু হলে বা দ্রুত বাড়তে থাকলে জরুরি চিকিৎসাসেবা নেওয়া উচিত।