জাপানের জনপ্রিয় রহস্য লেখক কেইগো হিগাশিনো মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার প্রকাশকেরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
‘দ্য ডেভোশন অব সাসপেক্ট এক্স’সহ অসংখ্য জনপ্রিয় রহস্য উপন্যাসের লেখক হিগাশিনো জাপানের অন্যতম সফল কথাসাহিত্যিক ছিলেন। তার লেখা বইয়ের জাপানে মুদ্রিত কপি বিক্রি ছাড়িয়েছে ১০ কোটি। মৃত্যুর মাত্র কয়েক দিন পর, আগামী ৫ আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল তার ‘গ্যালিলিও’ সিরিজের নতুন বই।
ওসাকায় জন্ম নেওয়া হিগাশিনো লেখালেখি শুরু করেন প্রকৌশলী হিসেবে কাজ করার সময়। ১৯৮৫ সালে ‘হোকাগো’ (আফটার স্কুল) উপন্যাসের জন্য ‘এদোগাওয়া র্যাম্পো পুরস্কার’ পেয়েছেন।
১৯৯৯ সালে ‘হিমিৎসু’ (নাওকো) উপন্যাসের জন্য ‘মিস্ট্রি রাইটার্স অব জাপান অ্যাওয়ার্ড’ পান তিনি। পরে ‘দ্য ডেভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাসের জন্য জাপানের মর্যাদাপূর্ণ ‘নাওকি পুরস্কার’ অর্জন করেন।
হিগাশিনোর সবচেয়ে জনপ্রিয় সৃষ্টিগুলোর একটি ‘গ্যালিলিও’ সিরিজ। প্রতিভাবান পদার্থবিদ মানাবু ইউকাওয়াকে কেন্দ্র করে লেখা এই সিরিজের বই ও চলচ্চিত্র জাপানে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিরিজটির বইয়ের মোট বিক্রি ১ কোটি কপি ছাড়িয়েছে। এতে অভিনয় করেছেন জাপানি অভিনেতা ও গায়ক মাসাহারু ফুকুয়ামা।
হিগাশিনোর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ১০৬টি। তার লেখা দক্ষিণ কোরিয়া, চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর’-এর মতো তার বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছে।
হিগাশিনোর মৃত্যুতে শোক জানিয়েছেন ফুকুয়ামা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, হিগাশিনোর সৃষ্ট চরিত্রগুলোর একজন হিসেবে তার লেখার জীবনের সঙ্গে নিজেকে খুব কাছের মনে হয়। তাই এখনো তিনি লেখককে বিদায় জানাতে পারছেন না।
অপরাধে জড়ানো মানুষের পরিস্থিতি ও অন্তর্দ্বন্দ্বকে বিনোদনধর্মী, টানটান কাহিনির মাধ্যমে তুলে ধরাই ছিল হিগাশিনোর লেখার অন্যতম বৈশিষ্ট্য। তার ‘দ্য ডেভোশন অব সাসপেক্ট এক্স’ যুক্তরাষ্ট্রের এডগার অ্যালান পো অ্যাওয়ার্ডের সেরা উপন্যাস বিভাগে মনোনীত হয়েছিল। ‘নিউকামার’ উপন্যাসটি ব্রিটিশ ক্রাইম রাইটার্স অ্যাসোসিয়েশনের ড্যাগার পুরস্কারের অনুবাদ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়।
২০২৩ সালে জাপান সরকারের ‘মেডাল উইথ পার্পল রিবন’ সম্মাননা গ্রহণের সময় হিগাশিনো বলেছিলেন, তার লক্ষ্য ছিল পাঠকদের বিনোদন দেওয়া এবং এমন একজন লেখক হওয়া, যার লেখা পড়ার জন্য মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করবে।