আন্তর্জাতিক কমিকস জগতের অন্যতম মর্যাদাপূর্ণ 'আইসনার অ্যাওয়ার্ডস ২০২৬'-এ মনোনয়ন পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কমিকসশিল্পী চার্বাক দীপ্ত। তার ডিজিটাল গ্রাফিক নভেল ‘লুবলুর পৃথিবী’ এ স্বীকৃতি অর্জন করেছে। একই বইয়ের জন্য তিনি হার্ভে অ্যাওয়ার্ডস-এর ‘ডিজিটাল বুক অব দ্য ইয়ার’ বিভাগেও মনোনীত হয়েছেন।
উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চার্বাক দীপ্ত দীর্ঘদিন ধরে ইলাস্ট্রেশন, গ্রাফিক স্টোরিটেলিং ও কমিকস নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, পুরস্কারের কথা ভেবে নয়, নিজের ভাবনাকে প্রকাশ করতেই কাজ করেছেন। এমন স্বীকৃতি পাবেন, তা তিনি কল্পনাও করেননি।
‘লুবলুর পৃথিবী’ প্রকাশের পথও সহজ ছিল না। চার্বাক প্রথমে বইটি ইংরেজিতে লিখেছিলেন। কিন্তু একাধিক প্রকাশক পাণ্ডুলিপি গ্রহণ করেননি। পরে তিনি বাংলায় বইটি প্রকাশের সিদ্ধান্ত নেন। কলকাতার প্রকাশনা প্রতিষ্ঠান বুক ফার্ম থেকে প্রকাশের পর বইটি পাঠকের নজর কাড়ে। পরে নারায়ণ দেবনাথ পুরস্কার পাওয়ার পর এর পরিচিতি আরও বাড়ে।
চার্বাক সুকুমার রায়ের ‘হ-য-ব-র-ল’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ এবং সত্যজিৎ রায়ের ‘নায়ক’-এর একটি বিখ্যাত দৃশ্যকে গ্রাফিক রূপ দিয়েছেন। এছাড়া উইল আইসনারের গ্রাফিক নভেল 'এ কনট্র্যাক্ট উইথ গড'-এর বাংলা অনুবাদও করেছেন তিনি।
চার্বাকের আশা, তার এই আন্তর্জাতিক স্বীকৃতি নতুন প্রজন্মকে কমিকসচর্চায় আরও আগ্রহী করে তুলবে। তার ভাষায়, দেশে আরও বেশি কমিকসশিল্পী তৈরি হওয়া প্রয়োজন।