বিশ্বখ্যাত ফ্যান্টাসি লেখক জর্জ আরআর মার্টিন জানিয়েছেন, তিনি সম্প্রতি বিষণ্নতা ও মানসিক চাপে ভুগছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বয়স বাড়া মোটেও আনন্দের নয়। তার এই মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে বহু প্রতীক্ষিত উপন্যাস ‘দ্য উইন্ডস অব উইন্টার’-এর দীর্ঘদিনের প্রকাশ-জট।
প্রায় ছয় মাস পর নিজের ব্লগে ‘বেটার লেট দ্যান নেভার’ শিরোনামে প্রকাশিত এক পোস্টে ৭৭ বছর বয়সী এই লেখক লেখেন, এ বছর তার জন্য খুবই চাপের ছিল। এ সময়ে তিনি কয়েকজন বন্ধুকে হারিয়েছেন, দুঃখ ও বিষণ্নতার সঙ্গে লড়াই করেছেন। তবে কঠিন সময়ের পাশাপাশি জীবনে অনেক আনন্দের ঘটনাও ঘটেছে। সেপ্টেম্বরে ৭৮ বছরে পা দিতে যাওয়া মার্টিন বলেন, বয়স বাড়া আনন্দের নয়, কিন্তু এটাই জীবনের স্বাভাবিক বাস্তবতা।
মার্টিন আরও জানান, ফেব্রুয়ারির পর তার ওয়েবসাইটে প্রকাশিত বেশির ভাগ পোস্ট তার সহকারীরা লিখেছেন। নানা ব্যস্ততার কারণে তিনি নিজেই নিয়মিত লিখতে পারেননি।
এদিকে তার ‘টেলস অব ডাঙ্ক অ্যান্ড এগ’ অবলম্বনে নির্মিত এইচবিওর প্রিক্যুয়েল সিরিজ ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ এবার নয়টি এমি মনোনয়ন পেয়েছে। এই প্রাপ্তিকে তিনি বছরের অন্যতম সুখের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
মার্টিনের বহুল প্রতীক্ষিত ‘দ্য উইন্ডস অব উইন্টার’ হলো ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ সিরিজের ষষ্ঠ এবং শেষের আগের উপন্যাস। ২০১১ সালে ‘আ ড্যান্স উইথ ড্রাগনস’ প্রকাশের পর থেকেই বইটির কাজ চলছে। এখনো এর প্রকাশের তারিখ ঘোষণা করা হয়নি।
দীর্ঘ বিলম্ব নিয়ে পাঠকদের সমালোচনার মুখে পড়লেও মার্টিন বলেছেন, ওয়েস্টেরসের গল্প ও চরিত্রগুলোর প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। চলতি বছরের জানুয়ারিতে তিনি জানান, ‘দ্য উইন্ডস অব উইন্টার’–এর প্রায় ১ হাজার ১০০ পৃষ্ঠার পাণ্ডুলিপি লেখা শেষ হয়েছে। অন্য কাজের চাপ কমলে বইটি শেষ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।
মূল: দ্য গার্ডিয়ান