সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিক বিদ্যার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ‘মাল্টিডিসিপ্লিনারি বিয়েনিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ব্রিজিং কালচারস: অ্যাডভান্সড ডিসকোর্সেস (আইসিবিসি ২০২৬), চ্যাপ্টার টু’। ২০২৪ সালে প্রথমবার আয়োজিত এ সম্মেলনের দ্বিতীয় আসর চলবে ২৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, সাহিত্যিক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। চার দিনের একাডেমিক কর্মসূচিতে আটটি কি-নোট প্রবন্ধ, ১৫ জন প্লেনারি বক্তার বক্তব্য এবং প্রায় ১০০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। আয়োজকদের আশা, সম্মেলনে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করবেন।
সম্মেলনের একাডেমিক অধিবেশনগুলো ২০, ২২ ও ২৩ নভেম্বর সিটি ইউনিভার্সিটিতে অনলাইন ও হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে দিনব্যাপী মূল আয়োজন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তব্য ও কি-নোট প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের জিওফিজিক্সের ইমেরিটাস অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার। উদ্বোধনী অনলাইন কি-নোট বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশি-আমেরিকান তাত্ত্বিক ও আন্তবিষয়ক গবেষক অধ্যাপক ড. আজফার হোসেন। তিনি গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ও অধ্যাপক এবং গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির আন্তবিষয়ক বিদ্যার অধ্যাপক।
এ ছাড়া কি-নোট বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক ড. রেনে এ. পি. ব্রিকার, অধ্যাপক ড. বিট্রিস ডি স্যালেস, অধ্যাপক ড. জোহান মালাওয়ানা, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাশরুর শহীদ হোসেন।
প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন অধ্যাপক ড. মাসউদ আখতার, অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ, শাহনাজ পারভীন, টিনা নন্দী, অধ্যাপক ড. ম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. লাইজু নাসরিন, মৌমিতা হক শেঞ্জুতি, অধ্যাপক ড. মোহিত উল আলম, অধ্যাপক ড. শামীম রেজা, অধ্যাপক রোকসানা চৌধুরী, অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান মান্নু এবং অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।
সম্মেলনে তুলনামূলক সাহিত্য, সাংস্কৃতিক অধ্যয়ন, মানবিক বিদ্যা, বিজ্ঞান এবং শিক্ষা ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা হবে। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও গবেষকেরা এসব বিষয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
সম্মেলনের চেয়ার অধ্যাপক ড. রহমান ম. মাহবুব বলেন, সম্মেলন শুধু শিক্ষাবিদ ও গবেষকদের মিলনমেলা নয়; এটি প্রচলিত ধারণাকে প্রশ্ন করা এবং আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ কল্পনার একটি সম্মিলিত পরিসর। সংস্কৃতি ও ভাষা, সাহিত্য ও দর্শন, মানবিক বিদ্যা ও বিজ্ঞান এবং প্রযুক্তিগত উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আইসিবিসির অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সময়ে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে নৈতিক বিচারবোধ, সহমর্মিতা, কল্পনাশক্তি ও মানবিক দায়বদ্ধতার সমন্বয় জরুরি। বিজ্ঞান ও মানবিক বিদ্যা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং মানবসভ্যতার অগ্রগতিতে এ দুটি পরস্পরের সহযোগী শক্তি।
সিটি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, আইবিসি ফাউন্ডেশন এবং IDEAS: International Journal of Literature, Arts, Science & Culture যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।