উত্তরায় বিশ্বখ্যাত জাপানি বুকশপ ‘কিনোকুনিয়া’

বিশ্বখ্যাত জাপানি বুকশপ কিনোকুনিয়া বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশ-সংশ্লিষ্ট ফেসবুক পেইজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১৯ জুন রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে (ঢাকা-ময়মনসিংহ রোডের উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মল) পাঠকদের সঙ্গে দেখা হবে। এর মাধ্যমে বাংলাদেশে কিনোকুনিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

১৯২৭ সালে জাপানে প্রতিষ্ঠিত কিনোকুনিয়া বর্তমানে বিশ্বের অন্যতম পরিচিত বুকশপ। জাপানের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের শাখা রয়েছে। আন্তর্জাতিক প্রকাশনার নতুন বই, সাহিত্য, ইতিহাস, দর্শন, শিল্পকলা, একাডেমিক গবেষণা, শিশুতোষ বই এবং জাপানি মাঙ্গার সমৃদ্ধ সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে পরিচিত।

বাংলাদেশের বইবাজারে কিনোকুনিয়ার আগমনকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন অনেক পাঠক ও প্রকাশনা-সংশ্লিষ্টরা। তাদের মতে, আন্তর্জাতিক মানের বইয়ের সহজ প্রাপ্যতা বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক প্রকাশনা জগতের সঙ্গে দেশের পাঠকদের সংযোগ সুদৃঢ় হবে।

তবে বাংলাদেশে তাদের কার্যক্রমের পরিধি, বইয়ের সংগ্রহ, মূল্যনীতি কিংবা ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ১৯ জুনকে ঘিরে পাঠকমহলে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।