চিত্রা শালিক

দূর দেশের ঐ পরিযায়ী
চিত্রা শালিকের ঝাঁক
শীতকালটা ফুরিয়ে গেলেও
তুই কিন্তু মন জমিনেই থাক!

সাদামাটা আর বেখেয়ালে
ছোট্ট কুটের বাসা
তোর গানেতে পাই যে খুঁজে
বিনির্মাণ-এর ভাষা!

চলে গেলে যাস না ভুলে
দিব্যি দিলেম তোরে
ফিরতি পথে রইবো বসে
আকাশ মেলে ধরে!

সুখের স্মৃতি দিয়ে আমায়
তুই যে বিদায় নিলি
ঘোর লাগা এই চোখ নিয়ে
তাই স্বপ্ন সোপান খুলি!

তোর আমার সে গোপন কথা
থাকুক না হয় চাপা
মুক্তবাজার দুনিয়াতে প্রকাশ্য সব
ভীষণ রকম ফাঁপা!

দূর দেশের ঐ পরিযায়ী
চিত্রা শালিকের ঝাঁক
শীতকালটা ফুরিয়ে গেলেও
তুই কিন্তু মন জমিনেই থাক!