মাতৃরঙ
এক
মা-তেলাপিয়া মাছেরা—পোনাদের সুরক্ষায়
একবার পেটের ভেতরে নেয়
একবার ছাড়ে...
আর পেছনে একটি গাঢ় সাপ
পাঁচ
মা-কাক কিছুই জানে না—মাতৃত্ব ছাড়া।
আহা! পরম মমতা ভরা কালো রং তাঁর!
অসংখ্য স্নেহের টানে ডানায় গুঞ্জন করে মায়া
এত জরা তবু জীবনের ব্রত তাঁর সন্তান
হোক কাক কিংবা কোকিল—তাঁর-ই তো ছা!
সপ্তমী দাশ
চার
তোমার ভেতরে আহা এত স্নিগ্ধ শান্তি, মুগ্ধতা!
এত নরম হৃদয় তোমার!
আমি ক্ষত্রিয় হয়েও—তীর ছুঁড়তে পারি না
নীরব সন্ন্যাসে চলে যাই!
দশ
সবুজ ধানখেতের মতো বিশাল উরু মেলে ধরো,
পরাগায়নের ভ্রমর হয়ে বিলি কাটি,
শিষ আসুক—
ফলনে ভরে উঠুক সমগ্র শরীর...
খ্যাপলা জালের ভেতর আমরা দুটি মাছ
খ্যাপলা জালের ভেতর আমরা দুটি মাছ:
তোমার নাম কৈ, আমার নাম বাইন;
আটকে গেছি জালের সুতার ফাঁকে
জানি যতক্ষণ আছি জলে, যাবে না এ প্রাণ।
তারপর এও জানি, জাল উঠলে ডাঙায়
তড়পিয়ে কিছুক্ষণ, কোনো গ্রামীণ বধূ
কাটবে মাথা বটিতে, তেল কড়াইয়ে ভেজে
পেঁয়াজ রসুন মরিচ মশলা দিয়ে রাঁধবে ঝোল ঝোল।
বাইন খাবে বর, কৈ খাবে বধূটি
তারপর দুপুরের ভাতঘুমে
শরীর থেকে শরীরে সরে যাবে ক্ষুধা।
একলাচা ঘুম দিয়ে
বর উঠবে বধূর উপর,
বধূ উঠবে বরের উপর
আর
মাছ থেকে মানুষের আজব রূপান্তরে
আমরা কাঁপব থরথর।
পরপুরুষ
অলস দুপুরে উঠানে পরমোরগ ডাকে
বাড়ির ডেকি লজ্জায় দ্রুত ছোটে—শরীর দোলে
পুরুষটি পিঠে চড়ে
নরম মাংসে পালক জড়িয়ে
দুজনে দারুণ ছটফট করে!
বাড়ির বউ দেবরের ভাত বেড়ে আনে
সযত্নে পাতে দেয় আরেকটু বেশি সালুন।
হিমের বালিহাঁস
এই শীতকাল, মাঘের কুয়াশা ডিঙিয়ে হিম আলো-আন্ধারে
একটা বালিহাঁসের সাঁতারে ডুবে থাকা চোখ তুলে আনি
নিজের বুক মুখ চুলে; আরো দেখি হাতে পায়ে ও কপালে
অদ্ভুত লেগে আছে তার ডানার সুর, শাদা পালকের গুনগুনানি।
যদিও বহু আগ থেকেই জানি—খুব শীতে ও গীতে হংসীরা কেমন নাচে!
তপ্ত তাওয়ার মতো ওরা কেমন তীব্র উষ্ণতা পায় নিজস্ব উনুনের আঁচে!
আর সেই উষ্ণ লেজ ডানা পালকের চতুর ইশারার ইঙ্গিত ও আকারে—
ডুবে যায় সহস্র হংস, ডুবে মরে কেবল একটিবার জলস্খলনের হাহাকারে!
সেই উত্তাল হংসের বুকে যেমন ঘূর্ণি হাওয়া নিয়ে খামচাখামচি করে এই মাঘমাস
তেমনই আকুলতায় বুকের কোটরে তোমারে ডাকে হিম—ও হংসী, হিমের বালিহাঁস।
অমানুষ
এক সার্কাসকর্মী
ফাঁকা মাঠে তুলেছে একটা ঘর
আর চিৎকার করছে...
এই ঘরে অমানুষ আছে
অমানুষ আছে
অমানুষ...
তাকে কেন্দ্র করে অনেক লোকের ভিড়
একে একে ঢুকছে ঘরে সাক্ষাতের জন্য—
ফিরছে কালিমুখে সকলেই।
কৌতূহলবশত আমিও গেলাম;
ফাঁকা ঘর
চারপাশে আয়নার দেয়াল
আমি—আমারই অবয়ব।
তোমার মুখের দিকে
‘তোমার মুখের দিকে তাকিয়েই
কাটিয়ে দিতে পারি পৃথিবীর মৃত্যু অবধি’
এ শপথ নিয়ে শুরু হলো
সিংহের শিকার পদ্ধতি ও হরিণের ঘাসজীবন
ট্রেনের হুইসেল আর রেলক্রসিং রেলিঙের নামা-ওঠা
সূর্য-মেঘ—মেঘ-সূর্য লুকোচুরি খেলা
অতঃপর একদিন
নীড়ে ফুরিয়ে এলো খড়কুটো
থামল ডানা ঝাপটানোর শব্দ
পুড়ল সমস্ত পালক
জুতাজোড়া
লোকটা জুতাজোড়া বাইরে রেখে
ঢুকেছে ধর্মালয়ে
প্রার্থনায় বসে পায়ের দিকে তাকিয়ে ভাবছে—
'আমার আশ্চর্য একজোড়া জুতা
সকল আভিজাত্য এই স্বর্ণপায়ে'
প্রার্থনায় বসে মনের সমস্ত খেয়াল জুতায় থাকতে থাকতে
জুতাজোড়া চুরি হয়ে গেল...