কবি
তমসা মিনার ফেটে
বেরিয়ে গেছ।
আরো উঁচু আঁধারের
উড়ন্ত চুম্বনের
পিছু পিছু গেঁথে
এখন শুনছো
ফুলের স্বর।
নিরক্ষর তুমি;
এই গন্ধভাষায়
জরিপ করো স্বপ্ন।
রাত্রিভর
নক্ষত্রকল্লোলে
নিহত তুমি
আবার জ্বালাও মোম
সমূহ
শবের উপকূলে।
যেহেতু,
যুক্তাক্ষরময় পৃথিবীতে
তুমিই একমাত্র
সোজাসাপটা ব্যথা।
ক্রুশকুসুম
আমিই আনন্দম, ক্রুশের মিনার। আকাশেরও মগডাল থেকে দেখি কোথায় তুমি—চোরাগোপ্তা ফুল। তুমি তো কাননে নও। কবরখানায় নৃত্যরত লাবণ্যপ্রেত। তোমাতে প্রেম ঢালি। তুমি আজ হাড়ে গলা মোম। আর এমতে কৃষ্ণনিখিল চুরমার। আয় ধ্বংস, আয় সবুজ। চাঁদ ডুবে যায় করুণ রসধারায়। আবার তুমি মা মেরিতে ছেয়ে গেছ; জেরুজালেমে খড়ের গাদায়। রাত গাঢ় হলে তুমি সোনালি রক্তের জতু। যখন বনভূমি দগ্ধ শৈত্যে, জল ডুবন্ত ঘৃণায়। এই পথ কাঁটাশোভা, এই পথ যিশু। আজ ঝরে পড়ে সমুদয় সিডারের গাছ। তুমি তবে নবরূপে রোপিত বিষাদ। তার ছায়ামূলে আমি সংগীতের রিমঝিম জলসা বসাই।
সেথা দেখো কেমনে অসুর ঘনায়!
তোমার কথারা
তুমি কোনো কথা বলতে চাচ্ছিলে
কথার গায়ে কুয়াশা এসে পড়ছে
এর আগে পড়েছিল রোদ
এরও আগে মেঘ
তার আগে ছায়া
তারও আগে ঝড়
এবং বৃষ্টিও।
আমার কাছে আসতে আসতে
তোমার কথাটা ঢাকা পড়ে গেল
ঋতুচক্রের আবর্তনে।
নাকি তুমি
ঋতুচক্রের আবর্তনের কথাই
বলতে এসেছিলে আমাকে?
মৃত্যু মূলত মিউজিক
বাবা আমাকে
পাতাল থেকে তুলে
পৃথিবী দেখিয়েছিল,
সেই বাবাকে আজ
পাতালে রেখে এসে
ব্যাকরণ-অজ্ঞ আমি বুঝি
সকল অমল
ধবল হয়
কবরের
কালো পরিভাষায়।
পৃথিবীতে
তারাদের তহবিল
খালি হয়ে এলে
সন্তানের বুকের ভেতর
প্রয়াত পিতার সমাধি জ্বলে।
থেকে থেকে
এই পাষাণপ্রহর
জানায় আমাকে,
মৃত্যু মূলত মিউজিক।
প্রতিটি কফিনে
কিছু সুর লেগে থাকে।
ইন দ্য মুড ফর লাভ
আমরা শেষ হয়ে যাই
তারও আগে শেষ হয় প্রেম
অশেষ-অমর যাকে বলি
সে ০১টা রাস্তা;
আমাদের সেইসব দিন আর রাতের
রিমঝিমে মোড়া।
এখন কে কোথায় চলে গেছি!
নিঃসঙ্গ-বিষণ্ন রাস্তার হৃদয়ে
পৃথিবীর কোনও দু'জনের
দু'দিকে চলে যাওয়ার গান লেগে আছে
আমি ও জালালুদ্দিন রুমি
God, take my soul to that place, where i may speak without words
-Rumi
নালা শাসন করুক সমুদ্র
তোমার ভেতর তুমি শুধু
জারি রাখো প্রাণের প্রবাহ।
আকাশ নীলপথে সোনার নৌকা
গিরিতরু পেরিয়ে-মাড়িয়ে
কুমিল্লা থেকে কোনিয়াতে
নিয়ে যাচ্ছে তোমাকে।
যে বাঁশি ব্যাহত না দামাস্কাসে
নিশ্বাস নুয়ে থাকে
তোমার তাবরেজে
দালানকে দরিয়া ভেবে
যারা ছেড়ে গেছে
রুহের ফিসফাস,
তাদের জন্য
কিছু করুণা বাঁচিয়ে রেখো।
ভোর ভেঙে যাচ্ছে
মুহুর্মুহু সবুজ দরবেশে
খয়েরি সুতায় বোনা
আসন্ন সকালের চাদর গায়ে
ঠেকাতে পারবে তো
বসফরাস-রাত?
সে কোন কবে
মুদ্রা ফেলে গ্যাছো পথে;
সেই নাচের রসে
সব পা ভিজে গেছে।
ঘাগরা ও পাগড়ির উন্মত্তে
আমাকে মুক্ত করো প্রভু
আমাকে বন্দি করো প্রভু
এ হেন জন্মে ও বিনাশে
উত্থান অনুভূত হোক
শিশ্নে ও বিপ্লবে।
আমার আকুল চুম্বন নিয়ে
ওড়ে গেছে চিড়িয়া,
তাকে ধরো
হাজার বছরের রুখাসুখা
ঠোঁটের কসমে।
আমাদের অস্তমিত আলিঙ্গনের প্রভা-তে, বিভা-তে
সূর্যাস্ত সেদ্ধ হয়ে
ছড়িয়ে যাক চতুর্দিকে, চন্দ্রছাইয়ের উদয়ে উদয়ে।
এই বেদরদি মরসুমে
মিলন কী আর বিরহ লিখবে
পৃষ্ঠার পর পৃষ্ঠা
এলিক শাফাকে!
শেষরাতে যে তোমার
দিল কা হাভেলিতে
দাউদাউ করে বসন্তবাতাসে
কারনেশন ফুটল
কোথায় কোন কবে
স্মৃতি পুড়ে গেছে নির্বিশেষে
ধারাবাহিক সফল সংগমে
কিংবা খুচরা মাস্টারবেশনে
আমার কী পানাহ হবে প্রভু
আমার কী উপায় হবে প্রভু
আজান ফুরালে
গম্বুজের হাহাকারে
শূন্যতার যে চুমকি ফোটে
নিখোঁজ নন্দনে
বন্দর থেকে বন্দরে
উদ্বাস্তু অন্তরে
গোধূলির সফর শেষ হয় না
কোনও নিভে আসা শামাদানে
বেঁচে থেকে মরে যাওয়ার
গন্ধ বিলাতে থাকি
মুমূর্ষু আত্মার আগরে, আতরে
আমাকে পাবে না তুমি
তোমাকে পাব না আমি
তবু
প্রেম মানে
খুঁজতে থাকি
আমাকে তুমি
তোমাকে আমি।
ভাষায় খচিত
স্বপ্নে শুনলাম
আশপাশে কেউ কথা বলছিল
আঞ্চলিক ভাষায়,
কয়েকজন পুরোপুরি প্রমিত বাংলায়,
অনেকে অচেনা বিদেশি বাক্যে।
আর আমাকে ধরল
ভাষানিরপেক্ষ বোবায়।
স্বপ্ন ভাঙলে দেখলাম
তোমার পাশের সিটে
এলেবেলে বসে আছি;
ভাষাশিক্ষার দুর্গম ক্লাসে।
ভোর: হুমায়ুন রোড
ভোরের জানালা ধুয়ে যেতে আছে পাখিদের ওড়াওড়ি আছড়ে পড়ে ফজরের ওজুর পানি ঢেলে জ্বরে প্রায় মরে পড়ে থাকা বেনামাজি বান্দার চোখের মোকামে সে তখন আধা ঘুম আধা জাগরণ সাজাতে সাজাতে নিজ অগোচরে কোথাও তার সঙ্গে খোয়াবখানায় বসে শিক্ষানবিশি ছবি এঁকে থাকে ক্লদ মনে আর রঙের ডিব্বা ভেঙে যাকে কখনও পায়নি আর পাবেও না সে তার তীব্র ন্যাংটোতে সেই অবর্ণিল ফুলছায়া ঝাঁকে ঝাঁকে পিউকাঁহা ঝরিয়ে ঝরিয়ে সবকিছু রেখে দেয়া অনন্তের আলামত-রূপ সময় কী যে ঠিক করে আর কী যে ভুল কুয়াশার ক্বাসিদা শিশুদশা কাটতে না কাটতে পৌষের লিরিক এতিম মেয়ের মতো দুঃখের দানা চোখে ফুটিয়ে যা দেখে ফেলেছি অলরেডি কুমারীতা হারিয়েছে সেইসব ছবি আর আলু না মহব্বত বেশি আগে পচে-জানে নাকি শাহজাদি অবোধ্য কবিতা ও গানে দিল ফাটে বেশি আর একটা দিলের ধারেকাছে নর্দমায়ও উপচে পড়ছে ভরপুর ভোরের অনুনয়- অনুতাপ সোনার শিঙা ধরে না রাখতে পেরে আকাশ এই প্রাভাতিকে সমস্ত সৌন্দর্য খাদসহ ঝরছে মাটি থেকে সোজা ওই বাঁকাচোরা তোমার দিকে কিংবা দিগন্তরে
বনবাগানের পালা
তোমার বাসার বারান্দা
বারান্দায় বাগান
বাগানে বসে আছো তুমি
নিজ হাতে লাগানো গাছে ফোটা
ফুলের মালকিন।
ফুলের ঘ্রাণে
ঘুম ভেঙে জাগলো
তোমার মন
মনের ভেতর ঘন বন
বনপথে হাঁটতে হাঁটতে
আমার মতো কাউকে দেখে
তুমি হারিয়ে গেলে
আরও গহিন এক বনে।
তোমার বাসার বারান্দার বাগান
এতসব কিছুই জানলো না!
শুধু নিজ হাতে লাগানো গাছের ফুলগুলো ঘুমিয়ে গেল
তাদের ঘুমের ভেতর ঘন বন
বনের ভেতর ঢুকে আমি তোমাকে খুঁজতে খুঁজতে
হারিয়ে গেলাম আরও গহন কোনো বনে।
আমরা দু'জন এখন দু'দিকে
পৃথিবীর সব ফুলের নীচে
একে অপরকে খুঁজতে খুঁজতে
বেঁচে আছি বনবাগানে
আমাদেরই লতাপাতার লাশে।
নভেম্বর রেইন
ময়মনসিংহ গিয়ে শুনি
সে জামালপুরে,
জামালপুরে গিয়ে শুনি
মেলান্দহে।
মেলান্দহ গিয়ে
কোথাও কাউকে না পেয়ে
হুটহাট শেরপুরে;
শেরপুর থেকে ঢাকায়
বিফল ফিরতে ফিরতে
অনুধাবনে আসে—
পথের দুই পাশে
তোমার-আমার
বিপরীত গমনাগমনের
তীব্রগন্ধা ফুল ফুটে আছে।