ইঞ্জিন নেই, ডানা নেই

মাল্টি ডাইমেনশন ফতোয়া

চিন্তা হলো মাল্টি ডাইমেনশন ফতোয়া
অথচ তাফসির যার যার মুখস্থ মানচিত্র
গুগল ম্যাপে খুঁজে পাওয়া যায় না অবচেতন
কেন্দ্রের বিপরীতে, ডানে, বামে কোন তরিকা?

অবচেতন আর মহাবিশ্বকে মনে হয় রাধাকৃষ্ণ
লীলা আছে, মায়া আছে, সহবাস আছে, সহবত আছে
আদি নেই, অন্ত নেই, কেন্দ্র নেই, উৎস নেই
অথচ ডায়নামিক সেন্স আছে, চুম্বক আছে...!

মহাকালের চেয়ে আমার ভালোবাসার বয়স বেশি
বলা খুব মুশকিল কখন যাই আবার কখন আসি...


গ্রাভিটির ওপারে...

তুমি ছেড়ে গিয়েছো আমার স্টেশন
এখনো বসে আছি—বাদামের ডালা, চিপসের ঝুড়ি নিয়ে
আমড়া, পেয়ারা, কামরাঙ্গার থালা সাজিয়ে
সময়ের ট্রেন এলে উড়ে যাব গ্রাভিটির ওপারে

এখনো সকাল আসে রোদ্দুরের কোলাহল সমেত
চাঁদ ওঠে রাতে; তারার মখমল মনে হয় আকাশকে
কারা যেন ওড়ায় প্রবারণার রংবেরঙের ফানুস
কৃষ্ণ পূজার ধূপগন্ধী ছড়িয়ে আছে রাই মহলে

দেখো, স্টেশন মাস্টারও তোমার কথা জিজ্ঞেস করে
কিছু বলি না; হেসে দিই এক খিলি পানের মতন
ট্রেন আসছে ট্রেন যাচ্ছে; জীবন যেন এক ক্রসিং খেলা
ঐ এলো দিশেহারা ঞ বগি; সিট নাম্বার পৌনে এগারো

ঝিকঝিক ঝিকঝিক ধুকপুক ধুকপুক সময়ের কাটা
জানালায় কী অপূর্ব দৃশ্য, খেতের বাঁক, বাগানের আলোছায়া
জঙ্গলের মাথায় পাটে বসা সূর্য; তোমার অমলিন মুখ
যাচ্ছি প্রিয় পৃথিবী, যাচ্ছি চলে গ্রাভিটির ওপারে...


এক, অদ্বিতীয় আমি...

আমার হওয়ার কথা ছিল রকস্টার
কিন্তু আমি বনে গেছি কবি
আমার হওয়ার কথা ছিল—একটা রাফ পেইন্টিং
অথচ আমি বেছে নিয়েছি নীরবতার পথ

উজানে হেঁটে দেখো—ধরতে পারো কিনা ট্রেন
যার কোনো ইঞ্জিন নেই, ডানা নেই
শুধু আছে বগির পর বগি
মনই যার একমাত্র চালিকা শক্তি

দাঁড়াতে হয় নিজের বিরুদ্ধে নিজেকে
যুদ্ধের ময়দানে, দাবার বোর্ডে
আমার বিরুদ্ধে শুধু আমি
এক, অদ্বিতীয় আমি...


মানুষ মূলত উভয় সংকটের নাম...

ইকুলাইজার প্যানেলে বাজছে স্বনাধীতি
সবাই মনোলগ আঁকছে; ইমপ্রেশনিস্ট মনোক্রোম
মিরর নিউরনে একচ্ছত্র নেপোটিজম
গড়পড়তা দর্শক—দার্শনিক কেউ কেউ

মোড়ে মোড়ে হায়ারোগ্লিফিক কনসার্ট
তন্দ্রার শিয়রে আটলান্টিস স্বপ্ন
জোয়ারে থৈথৈ টেস্টোস্টেরন নদী
ঘুম ভেঙে খোঁজ—টেলিপোর্টেশন মেশিন

মেলানিন অসম; অদৃশ্য জিনের ঘাম
মানুষ মূলত উভয় সংকটের নাম...


দ্য লাস্ট কিস

বিপ্লবের মাঠে যুদ্ধের ময়দানে
মরে যাবার আগে ঠোঁট বাড়াও শেষ চুমু খাই
এসো আলিঙ্গন করি ক্ষতবিক্ষত রক্তাক্ত বুকে
মনে রেখো,
কারফিউ মানে ডেটিং, ব্যারিকেড মানে সিটিং
চিয়ার্স লাঠিচার্জ চিয়ার্স বুলেট
চিয়ার্স টিয়ারশেল চিয়ার্স বোমা
চিৎকার করো,
মানুষ খুনের জবাব চাই
বন্ধ হোক ক্ষমতার বড়াই
অন্যায় নিপাত যাক
অধিকার মুক্তি পাক
মনে রেখো,
মানুষের জন্য কথা বললে মানুষ ভোলে না

দ্য লাস্ট কিস শুধু তোমাকে প্রিয়
রক্তের নদী সাঁতারে ওপারে কুসুম ভোর
নীল আকাশে মুক্ত পাখির ডানা
হয়তো ফিরব না তোমাদের পৃথিবীতে
তবু দ্য লাস্ট কিস চলমান এক মহাকাব্য
কেউ মুছে দিতে পারেনি
বার বার আসে, ফিরে ফিরে আসে—রক্তাক্ত দ্য লাস্ট কিস
তারুণ্য এক বিস্ময়ের নাম
তারুণ্য দ্য লাস্ট কিসের একমাত্র উত্তরাধিকার

তারুণ্যের আরকে নাম বিপ্লব, মিছিল, স্লোগান
তারুণ্যের আরেক নাম ফুল, দিন বদলের গান
এসো অন্ধ, এসো বোবা, এসো ভীতু, এসো দ্বান্দিক
যুক্ত হও তারুণ্যের জোয়ারে, মুক্ত করো শিকল, হও স্বাপ্নিক
জাগো মানুষ, আকাশের মতো জাগো
নতুনের ডাক শোনো...