পাঁচটি গুচ্ছমূলী কবিতা

গুচ্ছমূলী কবিতার আঁতুড়কথা

কবিতাগুলো একটি বিশেষ রীতি বা আঙ্গিক মেনে রচিত। এই ধাঁচের কবিতা লিখতে যখনই মন চায় ফাঁকা মাথা নিয়েই কম্পিউটারের সামনে বসে যাই; যদিও ক্যাওসের মাঝেও ধ্যানী পাহাড় হওয়া খুব জরুরি হয়ে পড়ে—লেখার গুহায় যখনই মগ্ন হই; অর্থাৎ কোনো পূর্বভাবনা বা প্ররোচনা ছাড়াই অধিকাংশ সময় এসব কবিতা লিখিত হতে থাকে। একটা ঘোরের মধ্যে মাথায় যা আসত এবং যতটুকু যেভাবে আসত, তা নিয়েই একটি কবিতা দাঁড়িয়ে যেত, সেই দাঁড়ানোকে আমি প্রশ্রয় দিতে থাকলাম।

ধান, রসুন, পেঁয়াজ বা ঘাসজাতীয় উদ্ভিদের যেমন কোনো প্রধান মূল নেই, আছে গুচ্ছমূল—ছোট-বড়ো সরু অনেকগুলো মূলের সমাবেশস্থল এদের কাণ্ডের গোড়া, বেসাল প্লেট, ক্রাউন কিংবা গিঁট; এ ধরনের কবিতাগুলোর স্তবকগুলোও তেমন, গুচ্ছমূলের মতো—পরস্পর আলাদা হলেও তারা একজায়গায় সমবেত হয়ে একটি উদ্ভিদ, মানে কবিতা গড়ে তোলে, যাদের আন্তঃসংযোগকারী একক কোনো মূল বা মেরুদণ্ড নেই। এ ধরনের কবিতায় একক কেন্দ্রের আধিপত্য নেই; আছে বহু কেন্দ্র, বহু প্রবেশপথ, বহু সম্ভাব্য পাঠ এবং অর্থের ক্রমাগত বিস্তার। আর গুচ্ছমূলের প্রতিটি সরু মূলের মতোই যেন একেকটি স্তবক; আর স্তবকের এই স্বাধীনতাকে বোঝাতেই স্তবকের শুরুতেই ড্যাশচিহ্ন ব্যবহার করলাম, যা স্বাতন্ত্র্য, বিরতি ও পৃথক অস্তিত্বের কথা নির্দেশ করে।

মানুষ যেহেতু নামসর্বস্ব প্রাণী, নামের বাইরে তাদের মধ্যে কোনো কিছুরই যেন অস্তিত্ব নেই—দৃশ্য-অদৃশ্যমান যা কিছু আছে, তার একটি নাম দিতেই হয় আমাদের। তাই আমিও এ ধরনের কবিতাগুলোর একটা নাম দিয়েছি—‘গুচ্ছমূলী কবিতা’, যা সৃষ্টি হয়েছে প্রাকৃতিক ঝরনার মতো, সৃষ্টিকর্তার খেয়ালখুশির মতোই। ফলে এ ধরনের কবিতার ছন্দ, ভাষা, অনুষঙ্গ, বিষয়বস্তু ইত্যাদিতে স্বাধীনতা রয়েছে।

আমার কাব্যভাষা-দর্শনের মৌলিক প্রবণতা ভাষাস্বাধীনতা—গ্রাম্য ও শহুরে, প্রমিত ও অপ্রমিত, দেশি ও বিদেশি, প্রাচীন ও আধুনিক, ধর্মীয় ও অধর্মীয়, বৈজ্ঞানিক ও লোকজ, প্রযুক্তিগত ও পৌরাণিক—সব ধরনের ভাষা, শব্দ ও পরিভাষার অবাধ প্রবেশাধিকার। এ ধরনের কবিতাতেও এই ভাষাস্বাধীনতার উপস্থিতি জারি থাকবে। একই কবিতায় ভিন্ন জ্ঞানশাখার শব্দ, ভিন্ন সময়ের সাংস্কৃতিক অনুষঙ্গ এবং পরস্পরবিরোধী বাস্তবতার সহাবস্থান হতে থাকবে। শব্দের অভিধানগত অর্থের পাশাপাশি অভিধানাতীত অপ্রত্যাশিত অর্থসৃষ্টির ক্ষমতাও বিদ্যমান থাকবে।

গুচ্ছমূলী কবিতায় দেখতে পাই, এর ছয়টি মূলনীতি রয়েছে—মগজের খসড়াহীনতা, স্বতঃস্ফূর্ততা, গুচ্ছমূলী গঠন, কেন্দ্রীয় মেরুদণ্ডহীনতা (কোনো একক স্তবকের আধিপত্যহীনতা), ভাষার মুক্তি (ভাষার সীমানাহীনতা) এবং ছন্দ-বিষয়বস্তুর স্বাধীনতা।


কুক্কুরীপার ঠোঁট

—ভাষাগ্রামে ঢুকতেই
রাজনীতির চোরাপথে
হারিয়ে যাই—জীবন এতটা ধাঁধার চর...

—শরীফা মহলা
ঘাসের প্রান্তরে ছাগল চরাতে গিয়ে
বাড়িতে ফিরেছে চিতাবাঘ নিয়ে—
আজকাল নদীও মাটি বা পাহাড়ের নয়, পাথরের
হাতিয়ারের ইশারায় বয়ে যায়

—কুক্কুরীপার ঠোঁট
রাঙা হয় চর্যাপদের রঙে, হৃদয় থেকে বের হয়
কী বুদ্ধ-বুদ্ধ গন্ধ—
বৈষ্ণব মাধবীর জঙ্ঘা থেকে চন্দ্রাবতীর ছাদবাগ
দারুণ আধুনিক হয়ে ওঠে তোমার
ভাষা ও রক্তমাধুরীর প্রবাহে


তামাকের দিনে ফুলেরা করে প্রতিহিংসা

—তামাকের দিনে ফুলেরা করে প্রতিহিংসা...

—কারও আত্মা জমা আছে বরফযুগের ডিমে...

—ফিঙ্গারপ্রিন্টের লাহান অন্তরে কেউ উজ্জ্বল...

—বেহুদা সুরভির লাহান কখনো ফোটে ইচ্ছা...

—মাকড়সার জালের লাহান এই আন্তঃবুদ্বুদ...

—ঘড়িময় জীবন যেনবা ডিমেদের আবর্তন...

—শিল্পীর মাথায় জমে তেলাপেকার সংসার...

—কাফেরেরও আত্মায় ফোটে সারসের ডানা...

—কাদাপোষ হৃদয়ে নামে অজস্র রাজমিস্তিরি...

—ছড়ানো লতার উঠানে ফোটে না রক্তবাদ...


পাল তোলা মেঘ

—চলে আসা যায়, কিন্তু কোথাও ফেরা যায় না;
এই জানা কথার উত্তরে আকাশের মাল্লার গান—‘ঈশ্বর দাগ ভালোবাসেন’

—দ্বিখণ্ডিত জমিন লোনাগন্ধ ছড়ালেই আকাশে পাল তোলা মেঘ জমে,
কৃষক প্রস্তুতি নিতে শুরু করে হাল চাষের
ধানের খেতে আইল দিয়ে জল ধরে রাখার
তবে পাকধরা চুলের লাহান অবহেলায় মেঘ অন্য আকাশেও
উড়ে যেতে পারে ফাঁকতালে, জমিনও গন্তব্য পালটে হাঁটা ধরতে পারে
অন্য মেঘের নিচে কিংবা কোনো উচ্ছ্বসিত ঝরনার পদতলের দিকে

—রঙের ওপারে যে রং, তাকে কতটুকু বুঝি?
এই সাপের বয়স হাওয়াবীথিকার সমান—তিলাওয়াত দিয়ে কি তাকে
মাপা যায়?—এটাও একটি দিঘল সাপ, মানুষের চেয়েও ভয়ংকর


জং ধরা নদী

—উপচে পড়া ঘামের দিন খেয়ে ফেলে হাওরের সমস্ত
বালিহাঁস; ফুলগুলো ঝিমিয়ে পড়ে শিশিরের নীরবতায়,
বাজারের ঘ্রাণে বাগানটা মউমউ করে আঁধারের আলোয়...

—একদিন বাকবাকুমগুলো মেঘ নিয়ে ফিরে যায় বিলে
আর আসে না, তাদের ধারণা, দানায় পেট ভরলেও
ঘড়িটা মৃত; এর চেয়ে বিলে জলকেলি করে খাবার
না পেলেও ডানা তুলে মাটিতে মেশা ঢের ভালো...

—যে নদীতে মাছ থাকে না কিংবা মৃত মাছের গন্ধ ভাসে,
সেটা কি আর নদী থাকে? স্রোত থাকলেই কি নদী হয়?
পেঁজা তুলোর মেঘ যদি উড়তেই না পারে, তবে কি
সেটা আর আকাশ থাকে? আকাশের মতো সমুদ্র মনে হয়?


ঝিনুকের মাংস খেতে

—ঝিনুকের মাংস খেতে
দাওয়াত দিয়েছিলে, যাইনি
আজ যাব ভাবছিলাম
কিন্তু পথে যেতে যেতে দেখলাম
নদীটা মরে পড়ে রইল
ঠিক প্রসূতির সিজারের দাগের মতো—
যত্রতত্র ছড়িয়ে আছে
ঝিনুকের খোল, মাছের কঙ্কাল...
ভীষণ তেষ্টায় শেষে
ঝিনুকের খোলই খেলে ফেললাম
এখন বলো কী করে
তোমার দাওয়াত কবুল করি,
ঝিনুকের খোল তো
চিরদিনের মাংস খাওয়ার আকাঙ্ক্ষা
মিটিয়ে দিয়েছে আমার,
আর শরীর জুড়ে গজিয়েছে
ঝিনুকের খোলের মতো আঁশ!
আমি কি এখন আর
মানুষ আছি, না ছিলাম আগে?

—সিদ্ধাচার্যদের গাইয়ের পাল
ভুসুকুর বিরান মাঠের দিকে যাচ্ছিল;
সঙ্গে সঙ্গে হাজারে হাজারে নদী
ছুটে চলল সেদিকেই জীবনের তাড়না নিয়ে
চর্যাপদের গানের মতো ছন্দে
চারপাশে তখন মেঘের ফোয়ারা নামে
আর তুমি ঘাসের মতো কচি পাতা নিয়ে
জেগে ওঠো পাখিদের চর্যার মতো গানে

—কুয়াশা নামার আগেই কোন আশঙ্কায় তোমার অকটবিকট শুরু হয়ে গেল, বলতে পারো? জীবন কি কেবলই হরমোনাল দাস? মাছের চেয়ে জল ভালো চেনে কে? আকাশ যদি বোঝো, পাখি বোঝো না কেন? বৃষ্টি যদি বোঝোই নদীরে বোঝো না কেন? সাগরের লোনাজল যদি বোঝো, তবে গাছ বোঝো না কেন?

—কিবোর্ড চাপার মতো শব্দ করে রোজই
ফুলবানুদের অশ্রু ঝরে,
নিম্নাকাশের শিশির ঝরে
উচ্চাকাশের কাছে তা-ই নাকি ছড়ার ছন্দ
অথচ নিচুতে কোনো শ্রীকৃষ্ণকীর্তন হয় না
মাটিকীর্তন হয়, হয় নদীকীর্তন, বৃক্ষকীর্তন...
ফুলবানুদের জীবন মাটি-নদী-বৃক্ষ-ঘাস...

—বনপাকুড়ের মতো বিশাল বিস্তৃত হৃদয় নিয়ে
তোমাদের কাছে এসেছিলাম
পৌর সাড়ম্বরতায় করপোরেট হৃদয়তায়
মাটি যেন আজ, নদী যেন আজ হলুদ পাতা
কার কাছে পাব নিত্যসঙ্গী আমাজনের ছাতা?