২০২৬ সালের বুকার জিতলেন এম জন হ্যারিসন, কী বলছেন বিচারক ও সমালোচকেরা?

এ বছরের বুকার পুরস্কার জিতেছে ৮১ বছর বয়সি এম জন হ্যারিসনের উপন্যাস ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড (প্রায় ৮০ লাখ টাকা)। বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী লেখকের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ড ছিল মার্গারেট অ্যাটউডের।

ছয় দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চা করছেন হ্যারিসন। তবে এবারই প্রথম তার কোনো উপন্যাস বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।হ্যারিসনের এই জয় আরও একটি কারণে বিশেষ। সরাসরি ‘সায়েন্স ফিকশন’ সাহিত্যের জগৎ থেকে উঠে আসা প্রথম লেখক হিসেবে তিনি বুকার পুরস্কার জিতলেন।

কেন ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’?

বুকার পুরস্কারের বিচারকমণ্ডলীদের প্রধান মেরি বিয়ার্ড বলেন, এ বছরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয়টি অসাধারণ উপন্যাস নিয়ে বিচারকেরা পুরো একদিন আলোচনা করেছেন। এরপর সর্বসম্মতিক্রমে ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ উপন্যাসটিকে ২০২৬ সালের বুকার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

মেরি বিয়ার্ড বলেন, ‘বইটি পাঠকের বোধ ও উপলব্ধিকে নাড়া দেয়, কখনো মুখে মুচকি হাসি ফোটায়। উপন্যাসের বিষয়বস্তু বিবেচনায় নিলে অবাক হতে হয়, কারণ শেষ পর্যন্ত তা পাঠকের মনে কিছুটা আশাবাদও তৈরি করে।’

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ফিলিপ টেন্যান্ট ও তার বৃদ্ধ খালা মার্নি। তারা ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে বসবাস করেন। সময়টা বর্তমান থেকে কয়েক দশক পরের। এক রহস্যময় বিপর্যয়ের কয়েক বছর পেরিয়ে গেছে। সেই বিপর্যয়ের পর পৃথিবীতে ‘আইগেটি’ নামের এক ধরনের প্রাণীর আক্রমণ ঘটেছে। নামের শুরুতে থাকা ‘আই’ অক্ষরটি ডিজিটাল কোনো কিছুর ইঙ্গিত দেয়। তবে বিষয়টি ঠিক কী, তা নিশ্চিতভাবে বোঝা যায় না।

বিপর্যয়ের পর সমাজের প্রচলিত নিয়মকানুন ভেঙে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব চলে গেছে বিভিন্ন স্বেচ্ছাচারী গোষ্ঠীর হাতে। মানুষের বাড়ির বাগানে বিমান বিধ্বস্ত হয়ে পড়ে থাকাও অস্বাভাবিক কিছু নয়। তবু মানুষ কোনোভাবে জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। শিশুর জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, সমুদ্রতীরের ক্যাফেতে সকালে কফি খাওয়া হচ্ছে। অর্থাৎ সবকিছু আগের মতো স্বাভাবিক রাখার একধরনের চেষ্টা চলছে।

কেউ কেউ মরিয়া হয়ে বোঝার চেষ্টা করছে, আসলে কী ঘটেছে। কিন্তু উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এমন কোনো মহাবিপর্যয় ঘটলে মানুষ হয়তো কখনোই তার প্রকৃত কারণ বুঝতে পারবে না। তখন পুরোনো নিয়মকানুনেরও আর কোনো মূল্য থাকবে না।

ফিলিপের জীবনে নতুন এক ঘটনা ঘটে। সমুদ্রসৈকতে পাওয়া একটি বস্তু তার হাতে আসে। দেখতে জেলির মতো এই বস্তুটি দ্রুত আকারে বড়ো হতে থাকে। একপর্যায়ে বস্তুটি কথা বলতে শেখে এবং তার মানবসঙ্গীদের বিভিন্ন নির্দেশ দিতে শুরু করে।

মেরি বিয়ার্ডের মতে, উপন্যাসটিতে ভবিষ্যতের পৃথিবীর মধ্য দিয়ে বর্তমান সময়ের রাজনীতি ও সমাজবাস্তবতাকে তুলে ধরা হয়েছে।


উপন্যাসটির বিষয়বস্তু কী?

‘দ্য এন্ড অব এভরিথিং’ ব্যঙ্গাত্মক ও অস্বস্তিকর প্রলয়-পরবর্তী অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস। মানুষের উপলব্ধি ও বোঝার ক্ষমতাকে উপন্যাসটি নানা প্রশ্নের মুখে দাঁড় করায়।

ফিলিপ টেন্যান্টের জীবিকা সমুদ্রের তীর থেকে বিভিন্ন বস্তু সংগ্রহ করা। ইংলিশ চ্যানেলের পানিতে ভেসে আসা নানা ধরনের জিনিস তিনি কুড়িয়ে নেন। পৃথিবী বদলে দেওয়া সেই বিপর্যয়ের অনেক বছর পেরিয়ে গেছে। কিন্তু ঠিক কী ঘটেছিল, তা এখনো অস্পষ্ট।

সরকার কার্যত অকার্যকর। সমুদ্রে দেখা মিলছে নতুন নতুন প্রাণীর। ইউরোপ যেন পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে গেছে। চারদিকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেন পৃথিবীর সবকিছু শেষ হয়ে আসছে।

এমন সময় ফিলিপ সমুদ্র থেকে একটি অদ্ভুত বস্তু খুঁজে পান। বস্তুটি প্রাণীতে পরিণত হচ্ছে। তাই বস্তুটিকে সমুদ্রতীর থেকে দেশের অভ্যন্তরভাগে নিয়ে যেতে হয়। কারণ, বস্তুটি তার এত দিনের জানা পৃথিবী সম্পর্কে সব ধারণা ধ্বংস করে দিতে পারে।

এম জন হ্যারিসন
কে এই এম জন হ্যারিসন?

এম জন হ্যারিসন ব্রিটিশ লেখক ও সাহিত্যসমালোচক। তিনি প্রচলিত সাহিত্যধারার গণ্ডি পেরিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক সাহিত্য রচনা করেছেন। ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের মাধ্যমে প্রথমবারের মতো বুকার পুরস্কারের জন্য মনোনয়ন পান তিনি।

অলিভিয়া লেইং, রবার্ট ম্যাকফারলেন ও নিল গেইম্যানের মতো লেখকেরা তাকে জীবিত লেখকদের মধ্যে অন্যতম অসাধারণ গদ্যশিল্পী হিসেবে অভিহিত করেছেন।

প্রথম গল্প প্রকাশিত হয়। ১৯৬৯ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের কল্পবিজ্ঞানবিষয়ক সাময়িকী নিউ ওয়ার্ল্ডস-এর বইবিষয়ক বিভাগ সম্পাদনার দায়িত্ব পালন করেন।

তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘ক্লাইম্বার্স’। ১৯৮৯ সালে পর্বতারোহণবিষয়ক সাহিত্যের জন্য উপন্যাসটি বোর্ডম্যান টাস্কার পুরস্কার পায়। ‘নোভা সুইং’ ২০০৭ সালে আর্থার সি ক্লার্ক পুরস্কার অর্জন করে। এ ছাড়া কথাসাহিত্যে নতুনত্বের জন্য ‘দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইজ এগেইন’ উপন্যাসটি ২০২০ সালে গোল্ডস্মিথস পুরস্কার পায়।

২০১৭ সালে প্রকাশিত হয় তার ছোটোগল্প সংকলন ‘ইউ শুড কাম উইথ মি নাউ’। ১৯৭০ থেকে ২০২০ সালের মধ্যে লেখা নির্বাচিত গল্প নিয়ে ‘সেটলিং দ্য ওয়ার্ল্ড’ নামে আরেকটি সংকলন প্রকাশিত হয়।

হ্যারিসন ‘টাইমস লিটারারি সাপ্লিমেন্ট’, ‘দ্য টেলিগ্রাফ’, ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর মতো সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের কথাসাহিত্য নিয়ে সমালোচনা লিখেছেন। কথা বলতে পারে এমন বিড়ালদের নিয়ে চারটি ফ্যান্টাসি উপন্যাসও যৌথভাবে লিখেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের একজন কিংবদন্তি রক ক্লাইম্বারের হয়ে বই লেখার কাজও করেছেন তিনি।

২০২২ সালে বুকার পুরস্কারের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন হ্যারিসন।

যেভাবে শুরু হয়েছে উপন্যাসটি

“বহু বছর ধরে ফিলিপ টেন্যান্ট সমুদ্রের ধারে বসবাস করতেন। প্রতিদিনই সেখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নানা ধরনের বস্তু ভেসে আসত। পেশাদার ও অপেশাদার অনেক সংগ্রাহক সেখানে আসতেন, চলে যেতেন। জীবনযাপনের পরিবেশ ছিল বেশ আরামদায়ক। আবহাওয়া প্রায় সব সময় ভালো থাকত। সহজেই কোনো না কোনোভাবে জীবিকা নির্বাহ করা সম্ভব ছিল। তারপরও মানুষের আসা-যাওয়ার হার ছিল প্রত্যাশার চেয়ে বেশি।

বেশিরভাগ সৈকতসংগ্রাহক সহজে বহন করা যায়, এমন প্রথম বস্তুটিই তুলে নিতেন। পরে অন্য কোথাও বিক্রি করে দিতেন। দেশের অভ্যন্তরভাগে পরিচিত লোকজন থাকলে এই কাজ বেশ সহজেই করা যেত। কিন্তু টেন্যান্টের মতো একনিষ্ঠ সংগ্রাহকেরা সৈকতেই পড়ে থাকতেন। ভোর থেকে সন্ধ্যা, রোদ কিংবা বৃষ্টি, তারা অপেক্ষা করতেন এমন কোনো বস্তুর জন্য, যা তাদের একটু থমকে ভাবতে বাধ্য করবে।

তারা ছিলেন নিজেদের কাজে নিবেদিতপ্রাণ। মহাকাশ থেকেও তাদের বসতিগুলো দেখা যেত। রাতের বেলায় উপকূলের প্রায় একশ মাইল এলাকাজুড়ে তাদের অস্থায়ী ঘরবাড়ির আলো জ্বলতে দেখা যেত। দিনের আলোয় বোঝা যেত, কয়েক দশক ধরে অস্থায়ী উপকরণ দিয়ে তৈরি এসব ঘরবাড়ি কীভাবে স্থায়ী এক রূপ পেয়েছে। সাদা হয়ে যাওয়া কাঠি, আয়না, কাপড়ের টুকরা এবং সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা নানা জিনিস দিয়ে তৈরি হতো তাদের ঘর। তবে সংগ্রহ করা কোনো বস্তু ঘরের মধ্যে সাজিয়ে রাখা তারা ভালো চোখে দেখতেন না। তাদের বিশ্বাস ছিল, এতে দুর্ভাগ্য নেমে আসতে পারে।

সৈকতসংগ্রাহকদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা ও কুসংস্কার ছিল। এসব বিশ্বাসই সমুদ্রতীরের মানুষের মধ্যে একধরনের সামাজিক কাঠামো ও স্বতন্ত্র জীবনধারা তৈরি করেছিল।

সমুদ্রতীর থেকে একটু দূরে দেশের অভ্যন্তরভাগ ছিল অন্ধকার ও কিছুটা ভীতিকর। সেখানে ছিল সারি সারি রাস্তা, ভিন্ন ভিন্ন নিয়মকানুন এবং নানা ধরনের বিপজ্জনক এলাকা। চারদিকে কংক্রিটের স্থাপনা, আংশিক সচল নিয়ন বাতি এবং বিভিন্ন গোষ্ঠীর আধিপত্য। সংগ্রহ করা কোনো বস্তু বাজারে নিয়ে যেতে হলে বার, সুরক্ষিত ঘাঁটি ও পরিত্যক্ত গাড়ি পার্কিংয়ের জায়গা পেরিয়ে মানুষের সঙ্গে কথা বলে পথ বের করতে হতো।

একদিন সমুদ্রতীর থেকে ধুলোমাখা লবণাক্ত বাতাসের মধ্য দিয়ে নিজের সর্বশেষ সংগ্রহটি একহাতে নিয়ে ফিরছিলেন টেন্যান্ট। পথে এক নারীর সঙ্গে তার দেখা হয়। নারীটি তখন সমুদ্রের দিকে যাচ্ছিলেন। তিনি টেন্যান্টের হাতে থাকা বস্তুটির দিকে তাকালেন। বস্তুটি তখন একটি শিশুর আকারের ছিল। সেটিকে কিছু বিবর্ণ কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলেন টেন্যান্ট।

নারীটি বস্তুটির দিকে তাকিয়ে পরিমিত সন্তুষ্টির ভঙ্গিতে মাথা নাড়লেন। দুজন কিছুক্ষণ একসঙ্গে দিগন্তের দিকে তাকিয়ে থাকলেন। এরপর নারীটি তাকে জিজ্ঞাসা করলেন, সেদিন সমুদ্রের অবস্থা কেমন ছিল।

টেন্যান্ট বললেন, ‘একসময় এটি কথা বলতে শুরু করবে।’

কেন কথাটি বললেন, তা নিজেও জানতেন না তিনি।

দুজনেই হেসে উঠলেন।”

বিচারকমণ্ডলী
বিচারকদের চোখে উপন্যাসটি

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড। তার সঙ্গে বিচারক হিসেবে ছিলেন পুরস্কারজয়ী কবি, লেখক ও শিক্ষক রেমন্ড অ্যান্ট্রোবাস; সংগীতশিল্পী, লেখক ও উপস্থাপক জার্ভিস ককার; সাংবাদিক, সম্পাদক ও সমালোচক রেবেকা লিউ এবং বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ঔপন্যাসিক, কবি ও প্রাবন্ধিক প্যাট্রিসিয়া লকউড।

উপন্যাসটি সংক্ষিপ্ত তালিকায় আসার পর বিচারকেরা কয়েকটি প্রশ্নের উত্তরে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন।

এক বাক্যে উপন্যাসটির পরিচয় কীভাবে দেবেন?

বিচারকদের মতে, ‘দ্য এন্ড অব এভরিথিং’ একই সঙ্গে থ্রিলার, রহস্য, ব্যঙ্গ, ডিস্টোপিয়া, ভ্রমণকাহিনি এবং বাস্তবধর্মী উপন্যাস হিসেবে পড়া যায়। পাঠক যে ধরনের সাহিত্য খুঁজছেন, বইটিতে তার কিছু না কিছু পাওয়া যাবে। তবে সবকিছুই উপস্থাপন করা হয়েছে কিছুটা ভিন্ন ও অভিনব আঙ্গিকে বইটিতে প্রায় সব ধরনের পাঠকের জন্যই কিছু না কিছু রয়েছে।

উপন্যাসটির বিশেষত্ব কী?

বিচারকদের কাছে উপন্যাসটির সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল বিভিন্ন জায়গায় শোনা কথোপকথনের ব্যবহার। পরিবেশ থেকে বিচ্ছিন্নভাবে পাওয়া কথার টুকরোগুলো সংগ্রহ করে লেখক নতুনভাবে উপন্যাসে ব্যবহার করেছেন। বিচারকদের মতে, বিষয়টি একধরনের শিল্পসম্মত সংযোজন বা কোলাজ তৈরির মতো। উপন্যাসের অস্থির ও অস্বাভাবিক পৃথিবীর সঙ্গে এই বর্ণনাভঙ্গি চমৎকারভাবে মিশে গেছে।

পাঠকেরা উপন্যাসটি কেন পছন্দ করবেন?

বিচারকদের মতে, উপন্যাসটির সূক্ষ্ম, অদ্ভুত ও তির্যক রসবোধ পাঠকদের আকৃষ্ট করবে। এর পটভূমি হতাশাজনক এবং বিপর্যয় সর্বব্যাপী। তারপরও বইটির কিছু অংশ পড়তে গিয়ে তারা জোরে হেসে উঠেছেন।

সমালোচকদের প্রতিক্রিয়া

উপন্যাসটি প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রশংসা পেয়েছে।

‘ফিন্যান্সিয়াল টাইমস’-এর ক্যাথরিন টেইলর লিখেছেন, ‘অসাধারণ বই। এর আবহ কিছুটা অন্ধকার, স্বাভাবিক বর্ণনার মধ্যেই ভয়ংকর বিষয় উঠে এসেছে। তবে এর মধ্যে অপ্রত্যাশিত মানবিকতাও রয়েছে। উপন্যাসের শেষটা আপাতদৃষ্টিতে বেশ পরিচিত ধরনের মনে হলেও এরপরের ফাঁকা পাতাগুলো পাঠককে ভাবতে বাধ্য করে। পাঠক চাইলে উপন্যাসের শিরোনামের মতো সবকিছুর সমাপ্তি মেনে নিতে পারেন। আবার চাইলে এই গল্পের একমাত্র টিকে থাকা চরিত্রের বাইরেও এক অনিশ্চিত বর্তমানের ধারাবাহিকতা কল্পনা করতে পারেন।’

‘দ্য অবজারভার’-এর হেলেন ম্যাকডোনাল্ড লিখেছেন, ‘মহামারির পর, নব্য উদারনীতির পর, ব্রেক্সিটের পর এবং সবকিছুর পরের এই সময়ে উপন্যাসটির প্রকাশ যথার্থই হয়েছে। চারদিকে নানা বিপর্যয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের গতি ব্যাহত করছে, বন্যা হচ্ছে, অবকাঠামো ভেঙে পড়ছে। ইউক্রেনের মাঠে ছড়িয়ে আছে ফাইবার অপটিক তারের স্তূপ। হোয়াইট হাউসের লনে তৈরি হচ্ছে খাঁচার মধ্যে লড়াইয়ের মঞ্চ। এমন সময়ে আমার মনে হয়, এ বছর, এমনকি এই দশকেও এর চেয়ে ভালো বই আমি পড়ব না। পৃথিবী ভেঙে পড়ছে, ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ সেই অভিজ্ঞতাকে পাঠকের মনে গভীরভাবে গেঁথে দেয়।’

‘দ্য টেলিগ্রাফ’-এর সাইমন ইঙ্গস লিখেছেন, ‘হ্যারিসন অন্য লেখকদের চেয়ে বেশি অদ্ভুত না হলেও তিনি তাদের চেয়ে ভালো লেখেন। ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ পড়ার সময় মনে হয়, আপনি পড়ার বদলে স্বপ্ন দেখছেন। অন্যভাবে বললে, উপন্যাসটি যেন পল ন্যাশের আঁকা কোনো ছবি। ধূসর, মলিন অথচ আলোকিত। হ্যারিসন নিজেই যেমন বলেছেন, এমন এক বিশুদ্ধ ত্রিশের দশকের আলো, যে সময়ের কল্পনাজগতে মানুষ “আধ্যাত্মিক” শব্দটি ব্যবহার করেও তার প্রকৃত অর্থ বোঝাতে পারত।’

উপন্যাসটি লেখার অনুপ্রেরণা কী?

বুকার পুরস্কারের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এম জন হ্যারিসন ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ লেখার পেছনের অনুপ্রেরণা সম্পর্কে কথা বলেছেন।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের পূর্ব উপকূলের শিল্প ও সংস্কৃতিচর্চার শহরগুলো উপন্যাসটির পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে। আমি এই উপকূল ভালোবাসি। হেস্টিংস থেকে টেমস নদী পর্যন্ত পুরো অঞ্চল, এমনকি সাফোক পর্যন্ত।’

উপন্যাসটির বিষয়বস্তু ও ব্যঙ্গের পেছনে সমসাময়িক ঘটনাবলি কাজ করেছে বলেও জানান তিনি। তার ভাষায়, ‘আমাদের পৃথিবী সম্পর্কে সব প্রত্যাশা ও ব্যাখ্যা যখন একের পর এক বিপর্যয়ে পরিণত হয়, তখন কী ঘটে? এমন পরিস্থিতিতেও মানুষ কীভাবে নিজের জীবন গড়ে তোলে? এই প্রশ্নগুলো থেকেই উপন্যাসটির ভাবনা এসেছে।’

‘বিবিসি রেডিয়ো ফোরের ফ্রন্ট রো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট ছিল উপন্যাসটির প্রথম অনুপ্রেরণা। তিনি এমন একটি উপন্যাস লিখতে চেয়েছিলেন, যেখানে সমাজে কোনো ঘটনা ব্যাখ্যা করার প্রচলিত পদ্ধতির ব্যর্থতা তুলে ধরা হবে। এ জন্য একটি মহাবিপর্যয়কে গল্পের সূচনা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।

‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে উপন্যাসের চরিত্রগুলোর নতুন পৃথিবী সম্পর্কে হ্যারিসন বলেন, ‘তারা সবাই হতাশা থেকে বিভিন্ন কাজ করছে। কারণ, পৃথিবীটা আসলে কেমন, তা তারা আর বুঝতে পারছে না। আমার মনে হয়, সত্যিকারের কোনো বিপর্যয় ঘটলে প্রশ্নটা শুধু টিকে থাকার হবে না। সমস্যা হবে, পৃথিবী আর আগের নিয়মে কাজ করছে না। আমাদের পুরো দর্শন, পৃথিবীকে জানার ও বোঝার পদ্ধতি নির্ভর করে আমরা কী জানি তার ওপর। হঠাৎ দেখা গেল, আপনি আর কিছুই জানেন না।’

প্রকাশক কে?

‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রকাশনা প্রতিষ্ঠান প্রোফাইল বুকসের সহযোগী প্রকাশনা সংস্থা সার্পেন্টস টেইল।

সার্পেন্টস টেইল প্রথমবারের মতো এই পুরস্কার অর্জন করেছে। এর আগে প্রতিষ্ঠানটির প্রকাশিত চারটি বই বুকার পুরস্কারের বিভিন্ন পর্যায়ে মনোনয়ন পেয়েছিল।

২০১১ সালে এসি এডুগিয়ানের ‘হাফ ব্লাড ব্লুজ’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়। ২০১৪ সালে কারেন জয় ফাউলারের ‘উই আর অল কমপ্লিটলি বিজাইড আওয়ারসেলভস’ এবং ২০১৮ সালে এসি এডুগিয়ানের ‘ওয়াশিংটন ব্ল্যাক’ সংক্ষিপ্ত তালিকায় ছিল। ২০২২ সালে কারেন জয় ফাউলারের ‘বুথ’ দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিল।