কুবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ সেপ্টেম্বর

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থীরা ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ ও ২০১৭ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে (এ ইউনিট) ভর্তির যোগ্যতা চতুর্থ বিষয়সহ জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে (বি ইউনিট) শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা জিপিএ-৬ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে (সি ইউনিট) ভর্তির যোগ্যতা জিপিএ-৬ থাকতে হবে। আবেদনের জন্য প্রিপেইড টেলিটক মুঠোফোন সিম থেকে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।