ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান বলেন, শাবিতে ভর্তির আবেদন আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে অন্যান্যবার টেলিটকের মাধ্যমে ভর্তি আবেদন করা গেলেও এবছর তা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর আবেদন করতে হবে শাবির নিজস্ব ওয়েবসাইট থেকে এবং আবেদন ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে।
এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়াদি www.admission.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে ভর্তি আবেদনের রেজিস্ট্রেশনের সুবিধার্থে এ ও বি ইউনিটের বিভাগগুলোকে কয়েকটি সাব-ইউনিটে ভাগ করা হয়েছে। যদি কোনও শিক্ষার্থী উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে বলে জানান কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।