ইসলামি বিশ্ববিদ্যালয়ে নুসরাত হত্যার পুরো ঘটনাটি উল্লেখ করে পথনাটক মঞ্চস্থ করেছে শিক্ষার্থীরা। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে পথনাটকটির আয়োজন করে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার।
পথনাটকটির নাম দেওয়া হয় ‘বিচার চাই’। ক্যাম্পাসের ডায়না চত্বরে ধর্ষণবিরোধী এ নাটকটি প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রচার সম্পাদক এনামুল হকের রচনায় ও নাট্যকর্মী আদনান হোসাইন চৌধুরীর নির্দেশনায় নাটকটিতে নুসরাত হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা উল্লেখ এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমান সমাজের বিভিন্ন বাস্তবচিত্র তুলে ধরা হয়।
নাকটিতে নুসরাত চরিত্রে অভিনয় করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মী আশফিকা। এছাড়া নাকটটিতে আরও অভিনয় করেন নাট্যকর্মী তন্ময়, হাফিজ, রেজওয়ান, পিয়াস, নাহিদ, শ্যামলী, কৌশিকসহ বেশ কয়েকজন অভিনেতা।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের কোষাধ্যক্ষ অনি আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও এলএডিভিসি’র উপদেষ্টা অধ্যাপক রেবা মণ্ডল, আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেহেনা পারভীন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মি আকতার প্রমুখ।
পথনাটকটি আয়োজনের উদ্দেশ্য নিয়ে অধ্যাপক রেবা মণ্ডল বলেন, ‘সারাদেশে যেভাবে মেয়েদের প্রতি নির্যাতন বেড়ে যাচ্ছে, এটি রোধ করতে না পারলে আমাদের সামাজিক ব্যবস্থা ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ধর্মীয় লেবাসধারীদের প্রতিহত করতে হবে। আমাদের মেয়েদের নুসরাতের মতো প্রতিবাদী হতে হবে। আর কোনও মেয়েকে যেন নুসরাতের মতো পরিণতি গ্রহণ করতে না হয় সে ব্যাপারে সচেতন হতে হবে।’