দুটি দ্বিতল বাস পেলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিআরটিসির দুটি দ্বিতল বাস চালু হয়েছে। রবিবার (২ জানুয়ারি) ক্যাম্পাসে বাস উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

এ সময় উপাচার্য বলেন, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের সুবিধার জন্য দুটি দ্বিতল বাস সংযুক্ত করা হয়েছে। বাস দুটির রঙ লাল-সবুজ, যা আমাদের স্বাধীনতার প্রতীক।

বাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী বেশি হওয়ায় যাতায়াতে অসুবিধা হতো। অনেক সময় দীর্ঘ পথ বাসে দাঁড়িয়ে থাকতে হতো। বেশি ভোগান্তি পোহাতে হয় ছাত্রীদের। দুটি বাস পাওয়ায় ভোগান্তি কিছুটা কমবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, দিনাজপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার মোশারফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, হাবিপ্রবি শিক্ষার্থীদের সুবিধার্থে ২১টি বাস বিভিন্ন রুটে চলাচল করছে। নতুন বাস দুটি শহরের বিভিন্ন রুটে যাতায়াত করবে।