জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে (৫১ ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব আবু হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই প্রস্তাবনা পান হলে এটা চূড়ান্ত করা হবে।