সিকৃবির আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন ১০ দেশের গবেষক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ দ্বিতীয়বারের মতো মৎস্যখাত বিষয়ক তিন দিনব্যপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। শুক্রবার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ভারত, ডেনমার্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কোরিয়াসহ প্রায় ১০টি দেশ থেকে তিনশ’র বেশি গবেষক অংশ নিচ্ছেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্যখাত’। সম্মেলনে মৎস্যখাত সংক্রান্ত ১৯৩টি গবেষণার ফলাফল উপস্থাপন করবেন তারা। 

শুক্রবার সকালে সিলেট নগরীর সুবিদবাজারের খান প্যালেসে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডর সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল। 

উদ্বোধনী অনুষ্ঠানে মলা মাছ ও জলজ খাদ্যের মাধ্যমে অপুষ্টি দূরীকরণে অসামান্য অবদান রেখে বিশ্ব খাদ্য পুরস্কার পাওয়া বিজ্ঞানি এবং ওয়ার্ল্ডফিশের পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক গ্লোবাল লিড ড. শকুন্তলা হরাকসিংহ থিলস্টেডকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। 

অনুষ্ঠানে মৎস্যখাত নিয়ে কথা বলবেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি রবার্ট ডগ্লাস সিম্পসন, ওয়ার্ল্ডফিশের আঞ্চলিক পরিচালক ক্রিস্টফার রোজ প্রাইস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।

শনিবার (১৭ আগস্ট) বিকালে সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মাহমুদ বেলাল হায়দার, ডিপ সি ফিশার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনাম চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।

রবিবার (১৮ আগস্ট) সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি ও বিদেশি গবেষকরা সুনামগঞ্জের মাদার ফিশারিজ খ্যাত প্রাকৃতিক জলাভূমি টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করবেন।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড বলেন, ‘২০১৯ সালে প্রথমবারের মতো টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এবার দ্বিতীয়বারের মতো সিলেটে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে সারাবিশ্বে মৎস্যখাত নিয়ে চলমান গবেষণা নিয়ে আলোচনা হবে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্যখাতের ভূমিকা কী হবে তাও এ সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।