বিক্রির উদ্দেশে ১৪ বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রেখে চোরাচালানের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তাদের মাদক চোরাচালানে একটি মামলা করা হয়েছে।
দুই শিক্ষার্থী হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে সাজিদ সাকিব (২২) ও ঢাকার বাড্ডা থানার ফজলুর রহমানের ছেলে মাহমুদ সাকিব (২১)। জানা গেছে, তারা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (৪ আগস্ট) বিকালে এসব তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত তালুকদার বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ পশ্চিম ইসলামপুর গ্রামে ভোলাগঞ্জ টু সিলেটগামী সড়কের টোলবক্সের কাছে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, আমরা বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক ব্যবসা ও সেবনে জিরো টলারেন্সে রয়েছে। তবে এদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা অনুসন্ধান করে এবং তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।