আয়োজন করে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিয়েছেন সিকৃবি উপাচার্য

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘লেটস টক উইথ ভাইস-চ্যান্সেলর’। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত মঞ্চে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা খলিলুর রহমান ফয়সালের পরিচালনায় দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর জামাল উদ্দিন ভূঞা।

বিকাল ৩টা থেকেই বিভিন্ন হল থেকে সিকৃবির শিক্ষার্থীরা লেটস টক-এর অংশ নেন। শিক্ষার্থীরা করতালির মাধ্যমে ভাইস-চ্যান্সেলরকে স্বাগত জানান। তারপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম, গবেষণা সংক্রান্ত, আবাসিক হলের সমস্যা থেকে শুরু করে, পরিবহন ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, এমনকি পরীক্ষা পদ্ধতি ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন।

ভাইস-চ্যান্সেলর প্রশ্নের উত্তর দিয়েছেন, কিছু সমস্যার সমাধান মঞ্চে বসেই করে দিয়েছেন। উক্ত অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সৃষ্টিশীল আইডিয়া গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানটি ক্যাম্পাসে সাড়া ফেলেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে এ ধরনের অনুষ্ঠান যুগান্তকারী পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, আমাদের ক্যাম্পাসে প্রায় ২০০০ শিক্ষার্থী আছে। ভাইস-চ্যান্সেলর স্যারও বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেন। তাই সব শিক্ষার্থী ভিসি স্যারের দফতরে এসে নিজেদের মনের কথা সরাসরি বলার সুযোগ পায় না। এরকম একটি পরিবেশে এ ধরনের অনুষ্ঠান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি মনে করি বর্তমান ভাইস-চ্যান্সেলর সাহস আছে বলেই তিনি শিক্ষার্থীদের সামনে সরাসরি আসতে পেরেছেন। এমনকি আজকের অনুষ্ঠানের পর সাধারণ শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে একটি কমফোর্ট জোন তৈরি হলো।