জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আসনের জন্য আবেদন পড়েছে ১০৮টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে আসন প্রতি প্রতিযোগী ১০৮ জন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত বছর ভর্তি পরীক্ষায় একই সংখ্যক আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল দুই লাখ ৪৯ হাজার ৮৫৭ জন। গত বছরের তুলনায় এবার আবেদন কম পড়েছে ৫২৪৯৮টি। গত বছর আসন প্রতি প্রতিযোগী ছিল ১৩৪ জন। 

সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, এবার ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৫০ হাজার ৩১২ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ১৭ হাজার ৬৫৪ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৭৩৮ জন, ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে চার হাজার ২১০ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে ৬৯ হাজার ২৮১ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৬৪৫ জন ও আইবিএ-তে ৫০টি আসনের বিপরীতে তিন হাজার ৫১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলে ৩১ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, আবেদনের সময় শেষ হলেও ফি প্রদানের সময় এখনও তিন দিন বাকি আছে। আবেদন ফি পরিশোধ সাপেক্ষে সংখ্যা বাড়তে পারে।